- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নদীগর্ভে শিবগঞ্জ-বেগমপুর সড়ক-সরাসরি যান চলাচল বন্ধ লাখো মানুষের দুর্ভোগ

অমিত দেব ও আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কটি কুশিয়ারা নদীর কড়াল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সড়কের অধিকাংশ এলাকা নদীগর্ভে চলে গেছে। ফলে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, ওই সড়কের পাইলগাও ইউনিয়নের পূর্ব জলালপুর ভাঙাবাড়ি নামকস্থান হইতে দক্ষিণ জলালপুর স্থানীয় ইউপি সদস্যের বাড়ির সামনা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।
সড়কে সরাসরি যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় এলাকাবাসি জানান, জগন্নাথপুর-বেগমপুর সড়ক দিয়ে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে আসছেন। চলতি বছরের প্রথম দিকে পাইলগাঁও ইউনিয়নের পূর্ব জলালপুর ভাঙাবাড়ি নামক স্থানে কুশিয়ারা নদীর ভাঙন শুরু হয়। কিছু সংস্কার কাজ করা করা হলেও ভাঙন রোধ করা সম্ভব হয়নি। সম্প্রতি বন্যায় মারাত্মকভাবে ভাঙন দেখা দিলে ব্যাহত হয় সরাসরি যান চলাচল। পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের বাসিন্দা সেলিম খান জানান, অব্যাহত নদী ভাঙনের কারণে সড়কটি
 এখন নদী গর্ভে চলে যাচ্ছে। এ সড়ক দিয়ে পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে আসছেন। সড়কটি ভাঙনের কারণে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। লোকজন ১০ টাকা ভাড়া দিয়ে নৌকায় চলাচল করছেন।  
ওই সড়কের অটোরিকশা-টেম্পু-লেগুনা মালিক সমিতির সভাপতি আবদুল মুকিত জানান, ‘সড়কের প্রায় সাড়ে চারশত মিটার নদী গর্ভে চলে গেছে। এ জন্য সরাসরি যানবাহন চালানো অসম্ভব হয়ে পড়েছে। সড়কের ভাঙাবাড়ি নামক স্থানে যানবাহন রেখে অপর অংশের দক্ষিপাশে যানবাহন রেখে চলাচল করছে। যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা কমে গেছে।’
আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী গ্রামের বাসিন্দা মসহুদ আহমদ জানান,  ‘কুশিয়ারা নদীর ভাঙনের চিত্র ভয়াবহ। এটা বর্ণনা করার ভাষা নেই।’ তিনি জানান, ‘ইতোমধ্যে বিলীন হয়ে গেছে বাপ-দাদার রেখে যাওয়া ভিটে মাটি। এছাড়াও ফেচীর বাজারসহ পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের অসংখ্য হাট-বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ঘর-বাড়িসহ সড়ক পথ বিলীন হয়েছে। সম্প্রতি কয়েক দফা পানি বৃদ্ধি পাওয়ায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার দক্ষিণাঞ্চলের জনসাধারণের যাতায়াতের একমাত্র সড়ক পথটিও।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ‘শিবগঞ্জ-বেগমপুর সড়কে ৫ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৮৪১ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দুই কিলোমিটার কাজ করার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় সড়কের কাজ।’
তিনি জানান, ‘জগন্নাথপুর পৌরসভা হইতে শিবগঞ্জ-পাইলগাঁও হয়ে বেগমপুর পর্যন্ত ১৫.৩৯ কিলোমিটার সড়কের মধ্যে ২.২০ কিলোমিটার সড়ক কুশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়েকর অপর অংশের ১২ কিলোমিটার পুনঃসংস্কার কাজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কমলে ঠিকাদার কাজ শুরু করবেন। এছাড়া নদীগর্ভে বিলীন হওয়ায় সড়কের অংশটুকু নতুনভাবে স্থান পরিবর্তন করে সড়ক নির্মাণের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরে জানানো হয়েছে।’

  • [১]