শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে মহাসিং নদীতে ভাসছিলো এক নবজাতকের লাশ। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বুধবার দুপুর ১টায় ইউনিয়নের মহাসিং নদীর কাদিপুর অংশ থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নদীতে ভাসতে থাকা অর্ধগলিত শিশুর লাশ দেখে মর্মাহত এলাকাবাসী।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, স্থানীয় কাদিপুর গ্রামের লোকজন মহাসিং নদীর তীরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।