- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নদীরপাড় কেটে মাটি উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় সুরমা নদীরপাড় কেটে আজিজ ব্রিকস ফিল্ডে মাটি উত্তোলনের অভিযোগ হয়েছে। রবিবার ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা হারিছ আলী সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে আজিজ ব্রিকস ফিল্ডের লীজকৃত মালিক তাহিরপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আব্দুননুরের ছেলে রিয়াজ উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে জানা যায়, রিয়াজ উদ্দিন ব্রিকস ফিল্ড সংলগ্ন সুরমা নদীরপাড় কেটে মাটি উত্তোলন করে ইট খলায় নিয়েছেন। এই কারণে নদী তীরবর্তী ব্রাহ্মণগাঁও ভাঙনের হুমকিতে আছে। ফসলি জমি থেকেও মাটি কেটে নেয়া হচ্ছে এই ব্রিকস ফিল্ডে। ইটখলার কালো ধোয়া বিভিন্ন গ্রামের পরিবেশ বিপর্যস্থ হচ্ছে। এতে শ্বাসকষ্ট রোগসহ সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি।
হারিছ আলী জানান, ব্রিকস ফিল্ডস মালিক রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে নদীরপাড় কেটে মাটি নেয়ায় এবং এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ব্রিকস ফিল্ড বন্ধ সহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অভিযোগ করেছি।
ব্রিক্স ফিল্ডের মালিক রিয়াজ উদ্দিন জানান, নদীরপাড় কেটে মাটি উত্তোলন করেননি। তিনি ব্রিক্স ফিল্ডের সংরক্ষিত মাটি সরিয়ে নিয়েছেন। ব্রিকস ফিল্ড লিজ নিয়ে গাড়ি আসা-যাওয়ার জন্য পাকা সড়ক মেরামত করেছেন এলাকার। এরপরও কতিপয় ব্যক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]