- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নদী ভাঙনরোধে ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার হবতপুর গ্রামের পাশে সুরমা নদীর ভাঙনকবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মানুষের ঘরবাড়ি, কবরস্থান, বাজার, ফসলি জমি হুমকিতে পড়েছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে রোববার মানববন্ধন করেছেন এলাকাবাসী। এর আগে একই দাবিতে স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কাছে।
রোববার দুপুরে হবতপুর গ্রামের পাশে সুরমা নদীর তীরে এই মানববন্ধন হয়। মানববন্ধনে জানানো হয়, হবতপুর গ্রামসহ আশপাশের এলাকায় সুরমা নদী বেশ কয়েক বছর ধরে ভাঙছে। এখন ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যে হবতপুর গ্রামের অনেক ঘরবাড়ি, বাজারের দোকানপাট, কবরস্থানের জায়গা, রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি দিনে ও রাতে হবতপুর গ্রামের পাশে সুরমা নদীর ভাঙনকবলিত এলাকা থেকে একটি মহল ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে। তাদের বাধা দিয়েও কাজ হয়নি। অবাধে বালু উত্তোলনের কারণে হুমকিতে রয়েছে গ্রামের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। অবিলম্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করলে ভাঙন আরও বাড়বে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ৬ জুলাই এলাকাবাসীর পক্ষ থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- স্থানীয় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হবতপুর গ্রামের বাসিন্দা মো. ফখরুল মিয়া, ব্যবসায়ী মাসুক মিয়া, সেলিম আহমদ, নবী হোসেন, কৃষক সবর আলী, মনির আহমদ, একরামুল হক প্রমুখ।
ইউপি সদস্য মো. ফখরুল মিয়া জানান, তারা ড্রেজার দিয়ে বালু উত্তোলকারীদের বাধা দিলেও কোনো কাজ হয়নি। ড্রেজারের লোকজন বলছে, প্রশাসনের অনুমতি নিয়েই নাকি তারা বালু উত্তোলন করছে।
জানতে চাইলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে আমরা এলাকাবাসীর একটি আবেদন পেয়েছি। সরেজমিনে বিষয়টি দেখার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীতীরে থাকা গ্রামবাসী কিংবা তাদের স্থাপনার কোনো ক্ষতি হলে আমরা সেটি করতে দেব না। অনুমতি থাকলেও বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হবে।

  • [১]