সু.খবর রিপোর্ট
দু’ লাইনে ফুল হাতে নিয়ে অপেক্ষা করছেন সুনামগঞ্জ পৌরসভার অর্ধশত কর্মকর্তা ও কর্মচারি। প্রহর গুনছেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আগমণের। অবশেষে অপেক্ষার অবসান হলো। বিকাল সাড়ে ৪টায় আসলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত’র নেতৃত্বে পৌর চত্ত¦রে প্রবেশ করলেন সাধারন ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে তাঁদের বরণ করেন পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র নাদের বখত সহ কাউন্সিলরবৃন্দ প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শনিবার বিকালে পৌরসভার মুক্তমঞ্চে নবনির্বাচিত পৌর পরিষদের সাংস্কৃতিক কর্মী দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে পৌর মেয়র নাদের বখত বলেন, নির্বাচনের সময় আমি অসংখ্য উঠান বৈঠক করেছি। ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছি। সেসব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছি। আমি আগামী ৫ বছর চেষ্টা করবো আমার প্রতিশ্রুতিমতো কাজ করার।
তিনি বলেন, আমি আপনাদের সন্তান। জননেত্রী শেখ হাসিনার আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সুনামগঞ্জ পৌরসভাকেও উন্নয়নের পথে নিয়ে যাবো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আহমদ নুর, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহসান আনিছ আনাছ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূরে আবাবিল, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোশাররফ হোসেন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. কাওছার, সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম।
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় কন্ঠশিল্পী আশিক এবং স্থানীয় শিল্পবৃন্দ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
এরআগে শনিবার বেলা ১১টায় সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ কারীরা হলেন নির্বাচিত মেয়র আক্তারুজ্জামান আক্তার হোসেন। এছাড়াও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিন আহমদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জিতু মিয়া, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ. ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাফরোজ ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছমির উদ্দিন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিল্পী বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বাহারজান বিবি ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডে সুবর্ণা শর্মা।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।