- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নববর্ষ উদযাপনে নকল ইলিশ?

আকরাম উদ্দিন
ক্রমশ বৈশাখী উৎসবে শহুরে মধ্যবিত্ত জীবনে ইলিশ মাছ অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। ইলিশ ছাড়া ১ বৈশাখের উৎসব উদযাপন এখন চিন্তাই করেন না অনেক অভিজাত পরিবার। এরকম প্রেক্ষাপটে বাজারে ইলিশের অবস্থা কি তা জানতে আমরা মাছের বাজারে গিয়েছিলাম। দেখা গেল শহরের প্রধান মাছ বাজার ও অন্যান্য বাজারে তিন জাতের ইলিশ আমদানী করা হয়েছে। রূপালী ইলিশের পাশাপাশি দুই প্রকারের ইলিশ নকল রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। বাজারে নকল ইলিশের মধ্যে আছে ‘ধংসা’ ‘সার্ডিন’ ও চৌক্কা নামের ইলিশসদৃশ্য একপ্রকার মাছ। নকল ইলিশের কেজি ১৫০ টাকা। চাঁদপুর থেকে আসা রূপালী ইলিশের কেজি ১ হাজার থেকে ১ হাজার ৬ শত টাকা।
শহরের ব্যবসায়ীরা নকল ইলিশের নাম দিয়েছেন ‘ধংসা’। এই সামুদ্রিক মাছের নাম গবেষণা ইনস্টিটিউট থেকে দেয়া হয়েছে ‘সার্ডিন’ ও ‘চৌক্কা’। সার্ডিন মাছ আকারে অনেকটা জাটকার মতো। চৌক্কা বেশ      বড় ও লম্বা ইলিশের কাছাকাছি। সার্ডিন ও চৌক্কার চোখ আকারে বড়। চৌক্কার মাথা লম্বাটে ও সুঁচালো। সার্ডিনের মাথা বড় ও সামনের অংশ ভোতা। তবে ইলিশের মতো চওড়ায় বেশ কম। সার্ডিন ও চৌক্কা স্বাদে ও গন্ধে ইলিশের মতো নয়। এই মাছের পাশাপাশি আছে ‘জাটকা’ আছে ‘চাপিলা’ জাতের ইলিশ।
বুধবার বিকালে শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নববর্ষ উপলক্ষে আমদানী করা ইলিশের ক্রেতা কম। গতবারের তুলনায় ইলিশের দাম কম বলে জানান ব্যবসায়ীরা। ইলিশের দাম কম হলেও ক্রেতাদের ভিড় নেই। তবে ক্রেতারা জানিয়েছেন ইলিশের দাম বেশি। নকল ইলিশের দাম কম। এদিকে বেশি দামে বিক্রি হচ্ছে অন্যান্য জাতের মাছ।
মাছের ক্রেতা সফিউল হাসান বলেন, ‘ইলিশ মাছের দাম অনেকটা বেশি। এই মাছ পরিবারের সকলের চাহিদা মেটাতে পারে না। শুধু ভুুনা খাওয়া যায়। অন্যান্য মাছে একাধিক তরকারীও হয়।’
মাছের ক্রেতা সাজাউর রহমান বলেন, ‘শুধু নববর্ষে ইলিশ খেলেই শেষ না। নববর্ষের পরে যদি ইলিশের দাম কমে তখন খাবো। না চিনে না জেনে ইলিশ কিনতে গেলে ঠগা নিশ্চিত। কৃষকের খাবারকে অনুসরণ করে নববর্ষে পান্তা ভাত খাবো মরিচ পোড়া দিয়া।’
মাছের ক্রেতা ও প্রবীণ শিক্ষক আরব আলী বলেন, ‘আমরা ছোট বেলা দেখতাম, ভোর সকালে কৃষক-কৃষাণীরা জমিতে কাজে যাবার আগে পান্তা ভাত খেতো। এই পান্তাভাত পোড়া মরিচ বা চাম্পা কলা দিয়ে খেতো। এখন এটি একদিনের উৎসবে পরিণত হয়েছে। এখন আবার পান্তা ভাতের সাথে ইলিশ সংযুক্ত করে দাম বাড়িয়ে দেয়া হয়েছে।’
ইলিশ মাছের ব্যবসায়ী মো. নাসির মিয়া বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ইলিশ নিয়ে আসি। আমার ইলিশের দাম প্রতি কেজি ১৫০ টাকা। এরপরও ক্রেতা নেই। দিন প্রায় শেষ। বিক্রি করেছি মাত্র ৬০ কেজি ইলিশ।’
ব্যবসায়ী মো. জুয়েল মিয়া বলেন, ‘আমি প্রায় ১শ’ কেজি ইলিশ বিক্রি করেছি ১৪০ টাকা দরে।’
অপর ব্যবসায়ী মো. আদিল মিয়া বলেন, ‘আমি সিলেট থেকে চাঁদপুরী ইলিশ নিয়ে আসি। আমার ৫শ’ গ্রামের ইলিশ ৮শ’ টাকা। ৯শ’ গ্রামের ইলিশ ১৪শ’ টাকা এবং ১ হাজার গ্রামের ইলিশ ১ হাজার ৬ শ’ টাকা দরে বিক্রি করি। তারপরও ক্রেতা নেই। আজ ১০ কেজির মতো ইলিশ বিক্রি করেছি আমি।’
চাঁদপুরের রূপালী ইলিশ বিক্রেতা সুবের আহমদ বলেন, ‘আমি ৯শ’ গ্রামের ইলিশ ১হাজার ২ শ’ টাকা দরে বিক্রি করি। দিন প্রায় শেষ এখন পর্যন্ত ২৫ কেজির মতো বিক্রি করছি ইলিশ।’

  • [১]