- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নরসিংপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যত অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের বিরুদ্ধে জমে উঠেছে অভিযোগের পাহাড়। সাম্প্রতিক সময়ে ইউপি চেয়ারম্যান নূরউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে নরসিংপুর বাজারের অসংখ্য দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং সরকারি ভূমি নিজের দখলে নেওয়াসহ প্রশাসনের অনুমতি ছাড়াই বিভিন্ন স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে। এসব কারণে ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নির্বাচিত হওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহারসহ বেশ স্বেচ্ছাচারি হয়ে উঠেছেন। এলাকার বখাটে লোকদের দিয়ে তিনি তার বাহিনী গঠন করেছেন। এলাকায় এরা এখন অপকর্ম ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। এর আগে তিনি অবৈধভাবে সরকারি চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে ঐ মামলায় জেলও খেটেছেন চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ।
সম্প্রতি ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই নিজের বাহিনী দিয়ে নরসিংপুর বাজারের অন্তত ২৫ টি দোকানঘর ভাংচুর, লুটপাট এবং উচ্ছেদ করিয়েছেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ’র উপস্থিতিতে তাঁদের নির্দেশনা না নিয়েই বিভিন্ন দোকানপাট ভাংচুর করার অপরাধে চেয়ারম্যানের লোকদের মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৩ হাজার টাকা—জরিমানা করা হয়েছে। এরপর থেকে চেয়ারম্যান ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বাজারের বিভিন্ন দোকানপাট ভেঙে প্রশাসনকে অবহিত না করে বিভিন্ন নতুন স্থাপনা গড়ে তোলছেন।
নরসিংপুর বাজারের ব্যবসায়ী কামাল মিয়া বলেন, ইউপি চেয়ারম্যান এবারের নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে তিনি আমাদের দোকানপাট ভাঙচুর করে নিজের ইচ্ছে মতো স্থাপনা করছেন।
নরসিংহপুর বাজারের ব্যবসায়ী বকুলমিয়া বলেন, চেয়ারম্যান ও তার লাঠিয়াল বাহিনী স্থাপনা করার নামে আমাদের রেকর্ডিয় জমি জবরদখল করতে চান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, কিসের স্থাপনা তা আমার জানা ছিল না। স্থাপনা নির্মাণের বিষয়টি খতিয়ে দেখতে সার্ভেয়ারকে সরজমিন পাঠানো হয়েছে।
নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূরউদ্দিন আহমদ বলেন, বাজার থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে বাজার সম্প্রসারণের কাজ চলছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেই কাজ করা হচ্ছে।

  • [১]