জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ-জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর- আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহা-সড়কের জগন্নাথপুর ঘোষগাঁও সংলগ্ন নলজুর নদীর উপর নির্মিত নলজুর সেতুর এপ্রোচের মাটি ধসে ৫ দিন অতিবাহিত হলেও ব্রীজের রাস্তাটি সংস্কার কাজ হয়নি। ফলে ৫দিন ধরে এ সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের এই নির্লিপ্ততায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, গত বৃহস্পতিবার ব্রীজের দক্ষিণ অংশের অধিকাংশ মাটি নদীতে মিশে যায়। এর ফলে ঐ রোডের সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, উপজেলাবাসী ঐ সড়ক দিয়ে বেগমপুর হয়ে রাজধানীর সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন। গত বছর শতাধিক কোটি টাকা ব্যয়ে নলজুর নদীর
উপর নির্মিত ৪৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। কিন্তু গত প্রায় ৬ মাস যাবত ব্রীজের এপ্রোচের মাটি ধসে পড়তে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত অবহিত করেছি এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা ঢাকার সাথে যোগাযোগ করেছেন, অচিরেই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে বলে সুনামগঞ্জ এলজিইডি অফিস থেকে আমাকে জানানো হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ব্রীজটি দেখে তড়িৎ গতিতে সংস্কার কাজ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যত তাড়াতাড়ি এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি চালু করা যায় এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।