- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নাটকে শোষিত বঞ্চিতদের জীবন সংগ্রাম

স্টাফ রিপোর্টার
আফ্রিকার কালো মানুষের দল যেন পৃথিবীর সকল নিপীড়িত ও সংগ্রামী জাতির প্রতিনিধি হয়ে আছে। তাদের বঞ্চনা, বিদ্রোহ ও লড়াইয়ের একই সুর যেন প্রতিধ্বনি তোলে সকল শোষিত-বঞ্চিতদের জীবনে। একই ছবি প্রতিফলিত হয় সর্বক্ষেত্রে। সেই সুর আর ছবি যেন আমাদের আদিবাসী মানুষদের জীবনেও বেজে উঠছে, মূর্ত হয়ে উঠছে।
পরিচয়পত্র, ট্যাক্স দেয়া নেয়া নিয়ে পুলিশ যখন তখন কালোদের অত্যাচার করে। পুলিশ পিটারকে রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে। এরপর থেকেই পিটার টোকোলশকে দেখতে পায়। টোকোলশ এক আধ্মাত্যিক অবয়ব, কালোদের বুকের শক্তি। এদিকে কালোরা যে বাসে রোজ শহরে যায় কাজের উদ্দেশ্য সেই বাসের ভাড়া হঠাৎ করেই বাড়িয়ে দেয়া হয়। বাস-ভাড়া বাড়ার প্রতিবাদে কালো মানুষরা ১০ মাইল হেঁটে শহরে আসে কাজের উদ্দেশ্যে। ফলে বাসগুলো হয়ে পড়ে যাত্রীহীন। সাদা শাসক শ্রেণী তাদের আচরণ মেনে নিতে পারেনা। শুরু হয় কালোদের ওপর অযথা অত্যাচার। দিনের পর দিন শহরে হেঁটে আসতে আসতে মাঝে মাঝে ওদের দেরি হয়ে যায়। এই সূত্র ধরে তাদের কাজ থেকে বরখাস্ত করা হয়। প্রতিবাদে কালোরা তাদের পাস পুড়িয়ে ফেলে ও শহরে যাওয়া বন্ধ করে দেয়। শুরু হয় অন্যরকম জীবনসংগ্রাম। ফলে শহর কার্যত অচল হয়ে পড়ে। মেয়র একসময় ওদেরকে বোঝাতে আসে, কিন্তু শাসকদের মিথ্যে প্রলোভনে কালোরা ঢলে না। আঘাত নামে তাদের ওপর। ফুঁসে ওঠে কালোরা। শরীরের শেষ বিন্দু দিয়ে তারা লড়ে যায়। আবার ক’জনের মনোবল ভেঙ্গেও পড়ে। হাল ধরে পরবর্তী প্রজন্ম। সবার বুকের মধ্যে থাকা টোকোলশ জেগে ওঠে। নিপীড়ক আর নিপীড়িত মানুষের চিরদিনের দ্বন্দ্ব এভাবেই ফুঁটিয়ে তোলা হয় নাটকে।
রোনাল্ড সেগাল’র রচনা, আসলাম অরণ্য’র নাট্যরূপ ও পুলক রাজের নির্দেশনায় সুনামগঞ্জ উদীচী নাট্য বিভাগ আফ্রিকার রূপকথার উপন্যাস অবলম্বনে ‘টোকোলশ’ মঞ্চায়ন করে সুনামগঞ্জ উদীচী নাট্য বিভাগ। ‘টোকোলশ’ নাটকটি সুনামগঞ্জ উদীচী নাট্য বিভাগের প্রথম প্রয়োজনা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অর্চি নাগ মিষ্টি, প্রধানমন্ত্রী চরিত্রে পুলক রাজ, মন্ত্রী ও পুলিশ এবং সাদা মানুষ অর্থাৎ শাসক শ্রেণির প্রতিনিধি চরিত্রে নোভা চৌধুরী, উজ্জ্বল তালুকদার, মেয়র চরিত্রে প্রিয়, কালো লোক অর্থাৎ নিপীড়িত ও সংগ্রামী মানুষের প্রতিনিধির চরিত্রে বিনয় আমিন, মনোয়ার হোসেন, মিথিলা ইসলাম মাহি। পিটার-চাঁদনী ও ডিপিডি অর্নব। মিউজিকে ছিলেন সুমন সুক্লা স্বপ্নিল।
এছাড়ায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বিধান চন্দ্র বনিক বাঁধনের রচনা ও তুর্য রাজের নির্দেশনায় সুনামগঞ্জ লোকদল শিল্পীগোষ্ঠী ‘যেমন কর্ম তেমন ফল’। সংগীত পরিবেশন করে কালচারাল ফোরাম ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট।
‘এসো নাট্যমঞ্চে, মেতে উঠি বিজয় উল্লাসে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় সম্মিলিত নাট্য উৎসবে ৩ দিনে ৭টি নাটক মঞ্চায়ন করা হয়।

  • [১]