তাহিরপুর প্রতিনিধি
বিশ্বম্ভপুরে চলমান ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাতনির কাঁধে ভর দিয়ে একশো বছরের এক বৃদ্ধা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট দিতে তিনি ইচ্ছা প্রকাশ করায় দুই নাতনি উজুফা ও কল্পনা তাকে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। রবিবার বিকাল তিনটার দিকে বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে বাহিরে এসে তিনি বলেন, জীবনের শেষ ভোটটা দিতে পেরে আমি খুশি। এই বৃদ্ধার নাম সৈয়দা শাহারা খাতুন। তিনি ধনপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।
নাতনি উজুফা বলেন, দাদির বয়স প্রায় একশো বছর। সকাল থেকে ভোট দিতে চান বলে আমাদের বারবার তাগাদা দিচ্ছিলেন। পরে বিকাল তিনটার দিকে ভোট কেন্দ্রে দাদিকে নিয়ে আসি। আমাদের সহযোগীতায় তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দেন। এটাই হয়তো দাদীর জীবনের শেষ ভোট।
ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার শীতেষ চন্দ্র তালুকদার জানান, তিনি ছিলেন এই কেন্দ্রের সব থেকে বয়োজেষ্ঠ ভোটার। তিনি ভোট দিতে পারায় আমাদের সবারই ভাল লেগেছে। এবার ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।