- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নাতির ছুরিকাঘাতে দাদী নিহত, আটক ১

ছাতক প্রতিনিধি
ছাতকে সম্পদের হিস্যা সংক্রান্ত বিরোধের জের ধরে নাতির ছুরিকাঘাতে খুন হয়েছেন দাদী তাছলিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। গত মঙ্গলবার রাতে নাতী হৃদয় হাসান ও মুন্নার ছুরিকাঘাতে নিজ বাড়ির আঙ্গিনায় খুন হন দাদী। তাছলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী। খুনী হাসান (২০) ও মুন্না (১৮) বুরহান উদ্দিনের পুত্র এবং তাছলিমা বেগমের ছেলের দিকের নাতী। এ ঘটনায় হৃদয় হাসানের মা রানী বেগমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় হাসান ও মুন্নার মা রানী বেগম বুরহান উদ্দিনের প্রথম ও পরিত্যক্তা স্ত্রী। পৈত্রিক সম্পদের হিস্যা নিয়ে দাদীর সাথে নাতীদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার রাতে কৌশলে দাদী তাছলিমা বেগমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয় হাসান ও মুন্না। নাতীর ছুরিকাঘাতে আহত তাছলিমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান হৃদয় হাসানের মাতা রানী বেগমকে আটকের ঘটনা স্বীকার করে জানান, পারিবারিক কলহের কারণে এ খুনের ঘটনা ঘটেছে।

  • [১]