- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

স্টাফ রিপোর্টার
‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, জেলা সমাজসেবা উপপরিচালক সুচিত্রা রায়, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সরাসরি সম্প্রচারকৃত কেন্দ্রীয় মূল অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উপভোগ করা হয়।

  • [১]