স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১ এপ্রিল) সুনামগঞ্জে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সংগঠনের জেলা শাখার উদ্যোগে বিকেলে এই কর্মসূচি পালিত হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শহরের পৌরভবন চত্বরের মুক্ত মঞ্চে। সংগঠনের জেলা কমিটির সভাপতি গৌরি ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়, সহসভাপতি সঞ্চিতা চৌধুরী ও রনজিতা রায়, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, মহিলা পরিষদের প্যানেল আইনজীবী মলয় চক্রবর্তী রাজু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শরিফা আশরাফী শম্পা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারী—পুরুষের সমতা ও ন্যায়ভিক্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য ৫২বছর ধরে আন্দোলন—সংগ্রাম করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে সমাজের সব ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীকে পেছনে রেখে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। নারী—পুরুষের মিলিত চেষ্টাই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। তাই নারীর সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাই সবাইকে কাজ করতে হবে।