স্টাফ রিপোর্টার
শাল্লার চোরাবস্তি হিসাবে পরিচিত ‘নারকিলা’ গ্রামের সর্বোচ্চ শিক্ষিত দরিদ্র পরিবারের সন্তান দিরাই ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পাবেল মিয়াকে শিক্ষা সহায়তা প্রদান করেছেন
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও সাবেক পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পাবেল মিয়ার হাতে বই, কাগজ-কলমসহ শিক্ষা সহায়তা হিসাবে নগদ টাকা তুলে দেন বর্তমান পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
সাবেক পুলিশ সুপার হারুন অর রশিদের পাঠানো শিক্ষা উপকরণসহ ৫ হাজার টাকা পাবেল মিয়ার হাতে তুলে দেয়া হয়। এসময় বর্তমান পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান নিজের তহবিল থেকে পাবেল মিয়াকে আরো নগদ ৫ হাজার টাকার শিক্ষা সহায়তা প্রদান করেন।
শিক্ষা সহায়তা প্রদানের সময় অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারসহ জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাল্লা উপজেলার দুর্গম এলাকা হবিবপুর ইউনিয়নের চোরাবস্তি হিসাবে পরিচিত ‘নারকিলা’ গ্রামের সর্বোচ্চ শিক্ষিত দরিদ্র পরিবারের এসএসসি পাশ করা পাবেল মিয়ার কলেজের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
সুনামগঞ্জ থেকে ঢাকায় বদলী হয়ে চলে গেলেও নিজের দেয়া কথা অনুযায়ী তিনি পাবেলের এইচএসসি দ্বিতীয় বর্ষের বই কেনার জন্য বর্তমান কর্মস্থল থেকে নগদ অর্থ পাঠান। পাবেল মিয়াকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিকারী দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের কাছে নগদ ৫ হাজার টাকা পাঠান তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালে শাল্লার শরসপুর শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে নারকিলা গ্রামের দরিদ্র আব্দুর রহমানের ছেলে পাবেল মিয়া। তার লেখাপড়া চালিয়ে নেয়ার বিষয়ে পরিবারের আর্থিক সংকটের বিষয়টি গত বছরের ১১ মে ‘চোরাবস্তি নারকিলা থেকে এসএসসি পাশ করলো পাবেল, তার স্বপন কি থেমে যাবে’ শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হলে পাবেল মিয়াকে কলেজে ভর্তি করান তৎকালীন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। গত বছরের ২৬ জুন পাবেল মিয়াকে নগদ অর্থ সহায়তা করেন তিনি। সে সময় তিনি দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেছিলেন পাবেল মিয়া যাতে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে পারে সে ব্যাপারে সাধ্যমত সহযোগিতা করবেন তিনি। হারুন অর রশিদ গত ৫ এপ্রিল সুনামগঞ্জ থেকে বদলী হয়ে চলে যান। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগের ডিসি ট্রান্সপোর্ট শাখায় কর্মরত আছেন তিনি।