সাত খুন মামলায় ২৬ জনের ফাঁসিসহ ৩৫ আসামীর সকলেরই সাজার রায় হওয়া বাংলাদেশে অপরাধের বিচারের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপনকারী রায় হয়ে থাকবে। একটি সভ্য সমাজে যে অপরাধ করে অতি বড় প্রভাবশালীও পার পেতে পারে না এই রায় এর অন্যতম উদাহরণ। পাশাপাশি বর্তমান সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি কতোটা আন্তরিক এবং বিচারকে প্রভাবিত না করার প্রশ্নে কতোটা দৃঢ় তারও প্রমাণ মেলে এ থেকে। হত্যা মামলার অভিযুক্ত ৩৫ সাজাপ্রাপ্ত আসামীর ২৫ জনই র্যাবের পদস্থসহ বিভিন্ন পর্যায়ের সদস্য, ফাঁসির দ-প্রাপ্ত ২৬ জনের ১৬ জনই এই বাহিনির সাবেক সদস্য। একটি বাহিনির এত অধিক সংখ্যক সদস্য দেশের প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমে কবে সাজাপ্রাপ্ত হয়েছেন কেউ বলতে পারবেন কি? সাজাপ্রাপ্তদের একজন বর্তমান ক্ষমতাসীন দলের জনৈক প্রভাবশালী মন্ত্রীর মেয়ের জামাতা। নূর হোসেনসহ নারায়নগঞ্জ আওয়ামী লীগের কয়েকজন নেতাও এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর অধীনস্থ তদন্ত সংস্থাসমূহকে সমালোচনার নামে যারা প্রতিনিয়ত মুখে ফেনা তুলে চলেছেন তারা কি এরকম প্রভাবহীন কোন বিচারের দৃষ্টান্ত দিতে পারবেন যেখানে এই পরিমাণ ভিআইপি আইনি ব্যবস্থার আওতায় সাজাপ্রাপ্ত হয়েছেন? এ কথা কে না জানে তদন্তের বিভিন্ন পর্যায়ে ইচ্ছা করলে মামলার মেরিট নষ্ট করে ফেলা যায়, মামলাকে দীর্ঘায়িত করে সুবিচার ব্যাহত করা যায়। সুতরাং ১৬ জানুয়ারি সকাল ১০ টায় মাত্র ৫ মিনিটে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সংক্ষিপ্ত রায় ঘোষণার মাধ্যমে বিচারিক সমাজ ব্যবস্থার যে স্পষ্ট রূপ সকলের সামনে উপস্থাপন করলেন তা সভ্য সমাজের জন্য অবশ্য অবশ্য প্রভাবক হিসাবে কাজ করবে অনাগত ভবিষ্যত কালে।
আমরা সর্বদাই বলি, কোন সমাজে অপরাধ একেবারে নির্মূল করা সম্ভব নয়। আসল কথা হলো ওই সমাজটির অপরাধ ঘটনার বিচার করার পরিবেশটি কেমন তা বিশ্লেষণ করা। বিচারিক ব্যবস্থা যখন অপরাধীদের সনাক্ত করে সাজা নিশ্চিত করে তখন অংকের নিয়মেই অপরাধপ্রবণতা কমে আসতে বাধ্য। ওই কাজে বিশেষ পারদর্শিতা দেখানোটাই বর্তমান সময়ের বিচার ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য বলে আমরা দেখতে পারছি। এইটিই সাধারণ নাগরিকের সান্ত¦না। এইটিই আমাদের বিশ্ব দরবারে সভ্য জাতির গৌরব তিলকে অলংকৃত করবে।
২০১৪ সনের ৩০ এপ্রিল ও ১ মে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়। এই সাত খুনের মামলা আদালতে বিচার কার্যক্রম শুরু হয় ২০১৬ সনের ২৫ ফেব্রুয়ারি। এক বছরের কম সময়ের মধ্যে এত বড় একটি ও স্পর্শকাতর মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটানো বিচার ব্যবস্থা, তদন্ত সংস্থা, মামলা পরিচালনাকারী আইনজীবী ও স্বাক্ষীদের সবিশেষ কর্মকুশলতার পরিচয় বহন করে। অনেকেই মন্তব্য করেছিলেন এই খুনের ঘটনায় বহু প্রভাবশালী ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা এবং ক্ষমতাবলয়ের সাথে আসামীদের সুগভীর যোগসূত্র থাকায় বিচার ভেস্তে যাবে। কিন্তু সকল সন্দেহের অবসান ঘটিয়ে ২০১৭ সনের ১৬ জানুয়ারি বিচার ব্যবস্থার জয়ডংকা বেজে উঠল আর অপরাধীরা এর মধ্য দিয়ে একটি সতর্কবার্তা পেয়ে গেল যে, অপরাধী যত শক্তিশালীই হোক কেউ বিচারের উর্দ্ধে নয়। বিচার ব্যবস্থায় যেহেতু কোন অনুরাগ বিরাগ দেখানোর সুযোগ নেই তথাপি আমরা এই দৃষ্টান্ত স্থাপনকারী রায়কে সুনাগরিকের স্বস্তির জায়গা থেকে বিপুলভাবে অভিনন্দন জানাই। জয়তু বিচার ব্যবস্থা, জয়তু সভ্য বাংলাদেশ গঠনের মহান আকাক্সক্ষা।