- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নারীবান্ধব মার্কেট

বিশেষ প্রতিনিধি
জেলার তিনটি বাজারে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় অত্যাধুনিক মার্কেট হচ্ছে। এসব মার্কেটে দোকান পাবেন প্রতিবন্ধি ও দুস্থ বিধবা অসহায় মহিলারাও। মার্কেট তিনটির কাজ শেষ পর্যায়ে। আগামী ২ মাসের মধ্যে এসব মার্কেট উদ্বোধন হবে। একই ডিজাইনে দেশের ৩২ টি এলাকায় এক সঙ্গে ৩২ টি মার্কেট নির্মাণ করা হচ্ছে।
জানা যায়, এলজিইডি’র সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রোভমেন্ট প্রজেক্ট (আরটিআইপি-২) প্রকেল্পের উদ্যোগে এক কোটি ৫০ লাখ ৯২ হাজার ২১২ টাকা ব্যয়ে  জেলার বিশ্বম্ভরপুরে, ৭৩ লাখ ৮৮ হাজার ৪৬১ টাকা ব্যয়ে জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে এবং ৬৭ লাখ ৩৫ হাজার ৭৯০ টাকা ব্যয়ে ছাতকের হায়দারপুর বাজারে এই গ্রোথ সেন্টার মার্কেট (জিসিএম) নির্মাণ করা হচ্ছে। একইভাবে দেশের ব্রাহ্মবাড়িয়ার আশুগঞ্জ, চাঁদপুরের মতলব ও চাঁদপুর সদর, চট্টগ্রামের লোহাগড়া ও রাউজান, কুমিল্লার চান্দিনা ও কুমিল্লা সদরে, কক্সবাজারের টেকনাফ, ফেনী’র ফুলগাজী, গাজীপুরের কালীগঞ্জ, জামালপুরের মেলান্দহ ও জামালপুর সদর,  কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মানিকগঞ্জের সাটুরিয়া, মৌলভীবাজারের বড়লেখা, মুন্সিগঞ্জের শ্রীনগর, ময়মনসিংহের গফরগাঁও ও থ্রিসাল, নারায়নগঞ্জের আড়াইহাজার, নরসিংদীর মনোহরদি, নেত্রকোনার পূর্বধলা ও কলমাকান্দা, পাবনার সুজানগর, শেরপুরের নলিতাবাড়ি ও শেরপুর সদর, সিরাজগঞ্জের কামারখন্দ, সিলেটের জকিগঞ্জ ও টাঙ্গাইলের বাশাইল ও ধানবাড়িতে এমন গ্রোথ সেন্টার মার্কেট হচ্ছে।
এই মার্কেটগুলোর প্রত্যেকটিতে ৪ টি দোকানকোটা সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। এগুলো বাধ্যতামূলকভাবে মহিলারাই চালাবেন। মহিলাদের মধ্যে প্রতিবন্ধি, দুস্থ বিধবাদের প্রাধান্য দেওয়া হবে।
যে মহিলার জন্য দোকানকোটা বরাদ্দ হয়েছে, তিনি না চালাতে পারলে তার মেয়ে বা নিকট আত্মীয় কেউ সেটি চালাবে। নারী ব্যবসায়ীকে বিনা সুদে বা কম সুদে পুঁজি পেতেও সহায়তা করবে এলজিইডি’র সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা-কর্মচারীরা। নারীদের জন্য নির্মিত মার্কেটে আলাদা সৌচাগারেরও ব্যবস্থা করা হয়েছে।
অন্য দোকানগুলো আগে যারা এই মার্কেট এলাকায় দোকানদারী করেছেন বা দোকান ছিল তারাই পাবেন। সংশ্লিস্ট বাজার কমিটিই এই বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করবেন। কোন সমস্যা হলে এলজিইডি’র প্রকল্প সংশ্লিষ্টদের সহায়তা নিতে পারেন বাজার ব্যবস্থাপনা কমিটি।
এলজিইিডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন,‘বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় এগুলো এলজিইডি নির্মাণ করেছে। এই মার্কেটের মূল বৈশিষ্ট হচ্ছে, কিছু অস্বচ্ছল নারীকে কর্মসংস্থান দেওয়া এবং প্রত্যন্ত এলাকার বাজারেও নারী অধিকার নিশ্চিত করতে ৪ টি দোকান নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সামান্য কিছু কাজ বাকী রয়েছে। পানি কমলেই এই কাজ শেষ করে ৩ টি বাজার উদ্বোধন করা হবে’।

  • [১]