নির্যাতিত নারী ও শিশুদের তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার লক্ষ্যে ২০১২ সালের ১৯ জুন সরকার হেল্পলাইন সেন্টার প্রতিষ্ঠা করে। তথ্যমতে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ন্যাশনাল হেল্পলাইন চালুর পর থেকে গত সাড়ে চার বছরে নির্যাতিত প্রায় আড়াই লাখ নারী এই হেল্পলাইনের মাধ্যমে সহায়তা নিয়েছেন। নারী ও শিশু নির্যাতন রোধ করতে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে হেল্প সেন্টারের পরিসংখ্যানে দেশে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্রও উঠে এসেছে। আবার নির্যাতিত সব নারী বা শিশুই যে এই সহযোগিতা নিতে পেরেছে, তা নয়। তাই এটা স্পষ্ট অনুমান করা যায় যে, নির্যাতন বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ থাকা সত্ত্বেও দেশে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়েছে।
তথ্যমতে বর্তমানে ২৪ ঘণ্টায় সাহায্য চেয়ে প্রায় ৪০০ ফোন আসে। এখন একসঙ্গে ১০টি ফোন ধরার ব্যবস্থা থাকলেও আগামী জানুয়ারি মাস থেকে একসঙ্গে ৩০ জনের অভিযোগ নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। বিষয়টি সেবা প্রদানের দিক থেকে নিঃসন্দেহে ভালো। এর ফলে নির্যাতিত নারী ও শিশু হয়তো নির্যাতন থেকে প্রতিকার পাবে। কিন্তু দেশে নারী ও শিশু নির্যাতন ক্রমাগত বাড়ছে, এ তথ্যও অস্বীকার করার উপায় নেই। তাই নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে প্রতিকারের পাশাপাশি প্রতিরোধের জায়গাটা আরও শক্তিশালী করা দরকার।
সরকারের হেল্প সেন্টারের তথ্যমতে, নারীরা পরিবারেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। এ ছাড়া রাস্তায় বখাটের যৌন হয়রানি এখন শারীরিক নির্যাতনে গিয়ে পৌঁছেছে। অপহরণ ও যৌন নির্যাতনের মাত্রাও উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রচলিত আইন ও আইনের প্রয়োগ সত্যিকার অর্থে কতটুকু নারী ও শিশুবান্ধব হতে পেরেছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যান পর্যালোচনা করে এ কথা বুঝতে দেরি হয় না যে, দেশে নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে যারা সমাজে আর্থিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল অবস্থানে রয়েছে, তারাই নির্যাতনের শিকার হচ্ছে বেশি। অথচ দুর্বলদের রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির আর্থ-সামাজিক কারণগুলো অনুসন্ধান করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি, নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে প্রতিকারের পাশাপাশি প্রতিরোধেও দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে বিদ্যমান আইনের দ্রুত ও পক্ষপাতহীন প্রয়োগ আবশ্যক। দুর্বৃত্তদের আশ্রয় ও প্রশ্রয় দানকারীদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সামাজিকভাবে বয়কট করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ও বিবেচনা করা যায়। আমরা আশা করি, সরকার নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে প্রতিকারের পাশাপাশি প্রতিরোধের বিষয়ও বিবেচনা করবে।