স্টাফ রিপোর্টার
প্রথম ধাপে ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
সোমবার সকালে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯৩ নম্বর মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষের উপস্থিতি চেয়ে নারীদের উপস্থিতি প্রায় দ্বিগুণ। নারীরা দীর্ঘ লাইন ধরে ভোট দেওয়ার জন্য ভোট কক্ষের বাইরে অপেক্ষা করছেন। সেই সময় কথা হয় ভোট কেন্দ্রে আসা কয়েকজন নারী ভোটারের সাথে। তারা বলেন, লাইনে দাঁড়িয়ে কষ্ট সহ্য করে ভোট দিচ্ছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব সেটা ভেবে এক ধরনের শান্তি পাচ্ছি।
ভোট কেন্দ্রে আসা খায়রুল নেসা ও জমিলা খাতুন বলেন, ছোট ৩ মাসের ছেলেকে বাসায় তার খালার কাছে রেখে ভোট দেওয়ার জন্য আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব সেই জন্য খুব আনন্দিত। আমরা যাকে চেয়ারম্যান নির্বাচিত করব আশা করি সে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে।
ভোট কেন্দ্রে আসা হালিমা বেগম বলেন, পছন্দের চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়েছি, খুব ভালো লাগছে আশা করি আমি যোগ্য ব্যাক্তিকে ভোট দিয়েছি, আর তিনিই নির্বাচিত হয়ে আমাদের পাশে থাকবেন।
সিংচাপইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। তার মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ছেন সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, মোটর সাইকেল প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী, লাঙ্গল প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন, চশমা প্রতীকে লড়ছেন রাসেল মিয়া, আনারস প্রতীক সায়েম আহমদ ও ফারুক মিয়া লড়ছেন রজনীগন্ধা প্রতীক নিয়ে। সিংচাপইড় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৯ জন।
একইভাবে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটাররা বাড়তে শুরু করছে। নোয়ারাই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শামিম আহমদ বলেন, বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা বেড়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট দেওয়া যাবে, সকল ভোটারই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।
ঐ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫ জন। তার মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ছেন আফজাল আবেদীন আবুল, চশমা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, নাসির উদ্দীন লড়ছেন মোটর সাইকেল প্রতীকে, আনারস প্রতীকে লড়ছেন মোশারফ হোসেন ও ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সামছুর রহমান। নোয়ারাই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১শ’ ৬৫জন।
এদিকে একই দিনে ছাতকের তিন উপজেলার নির্বার্চন অনুষ্ঠিত হবার কথা থাকলেও স্থগিত হওয়া ছাতক উপজেলার ভাতগাঁও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।