স্টাফ রিপোর্টার
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হতে পারে বলে সন্দেহ করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
শনিবার দুপুরে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত ৩৪৬ জন রোগীর মধ্যে এক কোটি ৭৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রথমে মনে হয়েছিল অতিরিক্ত গরমে ঘনবসতিপূর্ণ বিপণি বিতানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে কিনা। কিন্তু এখন নাশকতার সন্দেহ হচ্ছে এজন্য যে, একটি মহল সরকারকে গায়ের জোরে বিদায় করতে চায়। অতি উৎসাহী এই মহলের ষড়যন্ত্রও হতে পারে এটি। তারা সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা নানাভাবে ইতোপূর্বে করেছে। এটিও তাদের কাজ কি না, খতিয়ে দেখা প্রয়োজন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।
অনুুুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের মুখে হাসি দেখতে চান। এজন্য গ্রামীণ আয় বেড়েছে। এর আগে কোন সরকার গ্রামের দিকে এভাবে থাকায় নি। প্রধানমন্ত্রী মনে করেন গ্রামে যত টাকা যাবে, অর্থনীতি তত চাঙা হবে। বর্তমান সরকারের সময়কালে গ্রামীণ আয় বেড়েছে।
মন্ত্রী বলেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধের সময়র বাংলাদেশে দারিদ্রর হার কমে ১৮ দশমিক সাতে নেমেছে। এটি সম্ভব হয়েছে বিচক্ষণতার সঙ্গে কোভিড মোকাবেলা করায়। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ। মন্ত্রী বললেন, ঈদের পর নতুন ফসল ওঠলে নিত্যপণ্যেও দাম কমবে।
অনুষ্ঠান শেষে সহায়তার চেক তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।