সু.খবর ডেস্ক
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শীর্ষ যুদ্ধাপরাধী ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মঙ্গলবার বিকেলে রায় লেখা শেষে এতে স্বাক্ষর করেন। এরপর সন্ধ্যায় ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে সন্ধ্যা ৭টার দিকে রায়টি পুরনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ মৃত্যু পরোয়ানায় সই করেন। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য এর পরই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা (ডেথ ওয়ারেন্ট) জারি করা হয়। এরপর মৃত্যু পরোয়ানা লালসালুতে মুড়িয়ে রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে পরোয়ানা যাবে গাজীপুরের কাশিমপুর কারাগারে; একাত্তরের বদর প্রধান মতিউর রহমান নিজামী সেখানেই আছেন। এর মধ্য দিয়ে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারীর দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হলো।
আপিল বিভাগের দেওয়া এ পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। এতে স্বাক্ষর করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মৃত্যু পরোয়ানা তৈরির সব প্রক্রিয়া শেষ করে রাতেই ট্রাইব্যুনালের কর্মকর্তারা গাড়িতে করে তা পৌঁছে দেন ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে। দায়িত্বপ্রাপ্ত জেলার এই পরোয়ানা গ্রহণ করেন। পরোয়ানা-সংক্রান্ত অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। পরোয়ানা পাওয়ার পর থেকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে কারা কর্তৃপক্ষ।
মুক্তিযুদ্ধের সময় যার পরিকল্পনা, নির্দেশনা ও নেতৃত্বে বদরবাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল, সেই নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে এই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হলো। এর ফলে ঢাকায় বুদ্ধিজীবী হত্যা ও পাবনায় গণহত্যার দায়ে কুখ্যাত এই যুদ্ধাপরাধীকে ফাঁসির মঞ্চে যেতেই হচ্ছে।
রায় প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পনের দিনের মধ্যে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন না করলে মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা নেই। তিনি বলেন, নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের দিন গণনা শুরু হয়ে গেছে। তবে আসামি পক্ষ রিভিউ করলে এ মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে পরোয়ানা জারি করার সব প্রক্রিয়া অব্যাহত থাকবে।
মাহবুবে আলম বলেন, রিভিউ করা হলে রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। রিভিউ খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া ফের শুরু হবে। সে ক্ষেত্রে সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারবেন নিজামী। প্রাণভিক্ষার আবেদন না করলে কিংবা আবেদন করার পর নাকচ হয়ে গেলে ফাঁসি কার্যকর করবে সরকার।
রায় কার্যকর প্রসঙ্গে আইনজ্ঞরা জানান, পহৃর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে আপিল বিভাগে রায় রিভিউ চেয়ে আবেদন করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে আপিল বিভাগে ওই রিভিউ আবেদনের শুনানি হবে। যদি কোনোপক্ষ এই সময়ের মধ্যে রিভিউ আবেদন না করেন, তাহলে ১৫ দিন পর যে কোনো সময় সরকার ফাঁসির রায় কার্যকর করতে পারবে।
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা ও নিজ এলাকা পাবনার সাঁথিয়ায় হত্যা, নির্যাতনের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর একাত্তরে কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামীর সাজা মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৬ জানুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন আপিল বিভাগ। চার বিচারপতির স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে মঙ্গলবার তা প্রকাশ করা হয়।
২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে বদরপ্রধান ও জামায়াতের সহযোগী সংগঠন তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সভাপতি মতিউর রহমান নিজামীকে ৮টি অভিযোগের মধ্যে ৪টিতে (২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ) মৃত্যুদণ্ড দেন। এ ছাড়া ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায়ে বুদ্ধিজীবী হত্যা ও পাবনার সাঁথিয়ায় হত্যা ও ধর্ষণের দায়ে (২, ৪ ও ১৬ নম্বর) তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখেন। নিজামীর আপিল আংশিক মঞ্জুর করে তিনটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনটি অভিযোগের মধ্যে রয়েছে- পাবনার বাউশগাড়ি, ডেমরা ও রূপসী গ্রামের সাড়ে ৪০০ মানুষকে হত্যা ও ৩০-৪০ নারীকে ধর্ষণ, পাবনার ধুলাউড়ি গ্রামে নারী, পুরুষ, শিশুসহ ৫২ জনকে হত্যা এবং পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী গণহত্যা। চার নম্বর অভিযোগে পাবনার করমজা গ্রামে নয়জনকে হত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযোগে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হলেও আপিলে তিনি খালাস পান।
চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায়ও নিজামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত। ২০১০ সালের ২৯ জুন থেকে তিনি গাজীপুর কাশিমপুর কারাগারে আছেন।