সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম নিজ বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ে নিজের লিখা ইংরেজি গ্রামার বই শিক্ষার্থীদের নিকট উচ্চমূল্যে বিক্রি করছেন বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে যে সংবাদ প্রকাশিত হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য তা চরম হুমকি। সংবাদসূত্রে জানা যায়, ‘নগর ইজি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন উইথ মডেল কোয়েশ্চন’ নাম দিয়ে একটি বই লিখে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পাঠ্য করেছেন তিনি। বইটি তিনি নিজ বিদ্যালয়ে পাঠ্যসূচীভুক্ত করে ছাত্রীদের কিনতে বাধ্য করছেন। অন্যদিকে একই বই শহরের উচ্চ বালিকা বিদ্যালয় ও বুলচান্দ হাইস্কুলে বিক্রি করার জন্যও তিনি ব্যবস্থা করেছেন। একজন প্রধান শিক্ষক এরকমভাবে শিক্ষার্থীদের নিকট কোন বই বিক্রি করতে পারেন কিনা এটি একটি প্রশ্ন হলেও সদাশয় শিক্ষক মহোদয় সেই চিন্তা কদাপি করেছেন বলে মনে হয় না। নিজ বিদ্যালয়ের কোন শিক্ষক যখন কোন বই বিশেষকে পাঠ্য করেন তখন ইচ্ছায়-অনিচ্ছায় শিক্ষার্থীরা সেটি কিনতে বাধ্য হয়, সেটি যত উচ্চমূল্য কিংবা মানহীনই হোক না কেন। বর্ণিত বইটির মূল্য ষষ্ঠ শ্রেণিতে ৪১৫ টাকা, ৭ম শ্রেণিতে ৫১৫ টাকা, ৮ম শ্রেণিতে ৬৬৫ টাকা এবং ৯ম শ্রেণিতে ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্থানীয় নেতৃবৃন্দ এই মূল্যকে অনেক বেশি বলে উল্লেখ করেছেন। এই বইয়ের প্রকাশকও বলেছেন, মূল্য নির্ধারণ বেশি হয়ে গেছে। বুঝাই যায় শিক্ষক মহোদয় ইচ্ছাকৃতভাবেই মূল্য নির্ধারণ বেশি করিয়েছেন লাভের অংক বাড়ানোর জন্য। এমন অনৈতিক কর্মকা-ে কোন শিক্ষক নিয়োজিত থাকতে পারেন সেটি ভাবতেই আমাদের খারাপ লাগে। কিন্তু বাস্তবতা কল্পনার চাইতেও নাকি অনেক সময় কদাকার হয়, এক্ষেত্রেও তাই হয়েছে।
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরোদস্তুর একটি সরকারি চাকুরিতে নিয়োজিত আছেন। তাঁর জন্য চাকুরিবিধি মানা আবশ্যকীয়। কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারি সরকারি চাকুরিতে নিয়োজিত থেকে অন্য কোন লাভজনক বৃত্তিতে নিয়োজিত হতে পারেন না। তাছাড়া প্রকাশনা করতে চাইলে সরকারের পূর্বানুমোদন নিতে হয়। আলোচ্য দু’টো বিধানই তিনি লংঘন করেছেন বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এই আইনি দিকের চাইতেও বড় কথা শিক্ষকের নৈতিকতা। নৈতিকতার প্রশ্নে তাঁর পুস্তক বিক্রয় সংক্রান্ত এই কাজটি চরমভাবে অনৈতিক। এর মধ্য দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে তিনি শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন ভীষণভাবে। বিবেচনাযোগ্য যে, এই পরিমাণ উচ্চমূল্যের বই ক্রয় করা যেকোন পাবলিক স্কুলের বহু অভিভাবকের সাধ্যাতীত। বাধ্য হয়ে যখন তাদেরকে এই বইটি কিনতে হয় তখন তারা নিশ্চয়ই আর্থিক চাপে পড়েন। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের এরকম চাপে ফেলে আর্থিক মুনাফা অর্জনের বিষয় চিন্তা করেন, এরকম দুঃসহ পরিবেশে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছে সেটি বিবেচনা করে দেখেছেন কি কেউ?
সরকারি সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা নিজের লেখা বই বিক্রি করার ঘটনাটি এখন প্রকাশ্য। আমরা এখন লক্ষ্য রাখছি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ ও তদারক যারা করেন তারা কী ব্যবস্থা নিচ্ছেন সেদিকে। সাধারণ বিবেচনায় এরই মাঝে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা। শুরু হয়েছে কিনা সেই তথ্য আমরা জানতে পারি নি, কিন্তু আশা করছি নিয়ন্ত্রক ও তদারককারীরা হাত গুটিয়ে বসে নেই। যদি এরকম কা- করে কোন শিক্ষক পাড় পেয়ে যান তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনৈতিক চর্চা উত্তরোত্তর বাড়তেই থাকবে। যেটি মূলত কেউই চান না।