- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নিরাপদ খাদ্য বিষয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার সকল জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জন সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা নিরাপদ খাদ্য অফিসের আয়োজনে সেমিনারে নিরাপদ খাদ্য সম্পর্কে জনপ্রতিনিধিদের অবহিত করা হয়।
মঙ্গলবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, কাঠইর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোহনপুর ইউপি চেয়ারম্যান মঈনুল হক, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, কাউন্সিলর গোলাম আহমদ (সৈনিক)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বখত বলেন, এরকম সেমিনারের মাধ্যমে অনেক কিছু জানা যায়। একসাথে কাঁচা মাংসের সাথে অন্যান্য কিছু ফ্রিজে রাখা ক্ষতিকর এটা আগে জানতাম না। এরকম সেমিনার বাজারে ব্যবসায়ীদের নিয়ে বেশি হওয়া প্রয়োজন। বাজার নিরাপদ রাখতে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে। মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য কতৃর্পক্ষ সুপারিশ করলে অনিরাপদ খাদ্য বিক্রি করা ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করা হবে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, নিরাপদ খাদ্য সম্পর্কে সবাইকে সচেতন করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। মাত্র দুইজন জনশক্তি দিয়ে চলছে অফিস। এতো কম জনশক্তি নিয়েও বিভিন্ন উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও মনিটরিং চালিয়ে যাচ্ছি। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, কোথাও খাদ্য নিয়ে কোনো সন্দেহ থাকলে ১৬১৫৫ নাম্বারে যোগাযোগ করলে প্রতিকার মিলবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পেয়ারা বেগম, সৈয়দা জাহানারা বেগম, আবুল হাসনাত মোহাম্মদ কাওছার, সৈয়দ ইয়াসিনুর রশিদ, মোশাররফ হোসেন, চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন।

  • [১]