বিশেষ প্রতিনিধি
শহরের নিরীহ ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে মুঠোফোনে কৌশলে হুমকি-ধামকি দিয়ে চাঁদা দাবি করছে একটি সন্ত্রাসী চক্র। এরা নিরীহ ব্যবসায়ীদের মুঠোফোনে হুমকি দিয়ে টাকা দাবি করছে। ব্যবসায়ীদের হয়রানি করতে এরা কৌশলে ইতিপূর্বে একবার পুলিশকেও ব্যবহার করেছে। সোমবারও হুমকির শিকার শহরের উকিলপাড়ার ব্যবসায়ী সাইফুল্লা পুলিশের কাছে এ ধরনের একটি অভিযোগ (জিডি) করেছেন।
লিখিত অভিযোগে ব্যবসায়ী সাইফুল্লা উল্লেখ করেছেন- গত তিন মাস ধরে দুটি মোবাইল (নম্বর ০১৭২৯৬৫৮১৮৯ এবং ০১৭০৪৭৮৯৪৮৪) ফোন থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। গত শুক্রবার আরেকবার তাকে টাকার জন্য চাপ দেয়। বার বার ফোনে তারা হুমকি দিয়ে বলে আসছে, টাকা না দিলে তার দুই ছেলে ষোলঘর দ্বিনী সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী জুবের আহমদ জনি এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শিব্বির আহমদ রণিকে কেটে টুকরো টুকরো করে হত্যা করবে। এই অবস্থায় তার স্ত্রী আজিজুননেছাসহ পরিবারের সকলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন সাইফুল্লা। এমন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।
এর আগে গত ২ এপ্রিল পুলিশের পরিচয়ে ভয় দেখিয়ে শহরের বিশিষ্ট আমদানীকারক হাসননগরের বাসিন্দা আব্দুস সামাদকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। পুলিশের একজন মহিলা সাবইন্সপেক্টরকে কৌশলে আব্দুস সামাদের বাড়িতেও পাঠায় সন্ত্রাসী-চাঁদাবাজরা।
ঐ দিন সন্ধায় শহরের হাসননগর এলাকায় ডিউটিতে থাকা সুনামগঞ্জ সদর থানার এসআই লিন্ডা গ্রেন্ডকে সিলেটের এসএমপি’র আলফা টু পরিচয়ে নির্দেশ দিয়ে কৌশলে আব্দুস সামাদের হাসননগরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে ঐদিনই আবার আব্দুস সামাদকে একটি ফোন (০১৭১৫৮০০৩৪৬) দিয়ে পরে আবার পুলিশ পাঠানো হবে বলে টাকা দেওয়ার ইঙ্গিত দেয়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপার হারুন অর রশিদকে জানানোয় তাঁর হস্তক্ষেপে রক্ষা পান আব্দুস সামাদ। গত শুক্রবার আবারও মুঠোফোনে হুমকি দেওয়া হয় আব্দুস সামাদকে। কেবল এই দুই ব্যবসায়ী নয়। আরও অনেক ব্যবসায়ীকে এভাবে হুমকি দিচ্ছে এই সন্ত্রাসী চক্র। বিশেষ করে কয়লা আমদানীকারক ও পাথর ব্যবসায়ীদের এরা হুমকি ধামকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। কেউ পুলিশ বা সাংবাদিকদের জানাচ্ছেন, আবার কেউ কেউ ঝামেলা এড়াতে কৌশলে এঁদের কবল থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘ব্যবসায়ী আব্দুস সামাদের সঙ্গে প্রতারণার চেষ্টা তাৎক্ষণিক জানানোয় ঠেকানো গেছে। দেখা গেছে ঐ প্রতারকের মুঠোফোন তখন টাঙ্গাইলের নাগরপুর ছিল এবং ঐ সিমটি রেজিস্ট্রেশন বিহীন। এসব প্রতারকের সাধারণত অসংখ্য সিম থাকে। অনেক চেষ্টা করেও এদের অবস্থান সনাক্ত করা কঠিন হয়। এ ধরণের প্রতারণার শিকার যারা হন, তাঁদেরকে তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা নিতে হবে। সুনামগঞ্জের কোন ব্যবসায়ী এমন সমস্যায় পড়লে ভয় না পেয়ে, যে কোন সময় দিনে- কিংবা গভীর রাত হলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন’।