- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

সু.খবর ডেস্ক
নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফর অব্যাহত রাখার এই সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  রাতে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক প্রতিবেদনে এ কথা জানায়। বাংলাদেশে গুলশান হামলা এবং বিদেশিদের হামলার ঘটনার পর তাদের এই সফরটি নিয়ে যে অনিশ্চয়তার তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তে সেটি কেটে গেলো। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে যায় ইংল্যান্ডের একটি দল।
দুইটি টেস্ট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে ৩০ সেপ্টেম্বর দুই মাসের এক সফরে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। ২ নভেম্বর বাংলাদেশ থেকে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে যাবে ইংল্যান্ড টেস্ট দল। গত বছরের শেষের দিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।
এদিকে বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার এক সভায় ইংলিশ টেস্ট টিমের ক্রিকেটার অ্যালিস্টার কুক এবং ওয়ানডে ক্যাপ্টেন ওয়েন মর্গানসহ বোর্ড কর্মকর্তাদের কাছে নিরাপত্তা ব্যবস্থা ও ঝুকির মূল্যায়ন তুলে ধরা হয়। এই সভার পর ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘বাংলাদেশে ইংল্যান্ডের সফর পরিকল্পনা অনুযায়ী এগোবে।’
তিনি বলেন, ‘খেলোয়াড় এবং ব্যবস্থাপনার নিরাপত্তার বিষয়টি সবসময়েই গুরুত্বপূর্ণ। সেখানকার ঝূঁকির আগাগোড়া মূল্যায়ন, বর্তমান পরিস্থিতির গভীর পর্যবেক্ষণ এবং নিরাপত্তা প্রতিশ্রুতি সম্পর্কে ধারনা পেয়েছি। সেসব পরামর্শ এবং সহায়তার উপর আমাদের আস্থা আছে।’
স্ট্রাউস আরও বলেন, ‘সবসময়ের মতো আমরা পরিস্থিতির উপর নজর রাখবো, এবং তা অব্যাহত থাকবে সফরের সময়েও।’
গত সপ্তাহে ইসিবির তিন সদস্যের একটি দল বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ঢাকা ও চট্টগ্রাম সফর করেন। তারা সম্মত হয়েছেন যে, নিরাপত্তা নিশ্চিত করতে যেসব পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার, তাতে পরিকল্পনা অনুযায়ী সফরটি করা যেতে পারে।
এদিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সফর নিশ্চিত করার খবরে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড সিরিজ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তাতে আসলেই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল বিসিবি। তাই অনিশ্চয়তার মেঘ সরে যাওয়ায় বেশ খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসায় সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘সবাই উৎকণ্ঠায় ছিল। যেদিকেই যাই, সবার একটাই প্রশ্ন ইংল্যান্ড আসবে? ১৬ কোটি মানুষ এটা নিয়ে যেহেতু চিন্তিত ছিল, নিশ্চয়ই তারা দোয়া করেছে। ১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না। এ কারণে আমার মনে সাহস ছিল ইংল্যান্ড আসবে। এখনো পর্যন্হত যে খবর, তারা আসবে। সেদিক দিয়ে আমি অত্যন্ত খুশি। এই খবরে ধন্যবাদ জানিয়েছি সবাইকে।’

  • [১]