প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। দ্বিতীয় বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হলেন তিনি। নির্বাচন ঘিরে নানা শঙ্কার কথা শোনা গেলেও চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো সংঘাত-সংঘর্ষ ঘটেনি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের নতুন রেকর্ড গড়েছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটা একটি বিরল দৃষ্টান্ত। এরকম একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবারই সাধুবাদ প্রাপ্য।
আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, সাবেক মেয়র। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন যাবৎ সততার সঙ্গে নগর অভিভাবকের দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। অন্যদিকে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ বারের একজন প্রথিতযশা আইনজীবী ও সজ্জন ব্যক্তি। সাখাওয়াত সাহেব রাজনীতিতে কিছুটা অপরিচিত হলেও সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে যথেষ্ট সুমান অর্জন করেছেন। নির্বাচনী প্রচারণা চলার সময়েই লক্ষ্য করা গেছে, সজ্জন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় ছিল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। নির্বাচনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৭৯,৫৬৭। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতিও স্বীকার করেছেন নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। উল্লেখ্য, এ নির্বাচনই বর্তমান নির্বাচন কমিশনের শেষ নির্বাচন। শেষ নির্বাচনে কমিশন তার সক্ষমতার সাক্ষর রেখেছে বলছেন অনেকেই। নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়া প্রথমত নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কৃতিত্ব। তবে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রার্থী, দল, প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও আন্তরিকতায়ই একটি নির্বাচন সুষ্ঠু হতে পারে। এ নির্বাচন প্রমাণ করেছে সবার সদিচ্ছা থাকলে প্রশ্নহীন নির্বাচন অসম্ভব কিছু নয়। আর বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব- এই বিশ্বাসযোগ্যতাও এ নির্বাচনের মাধ্যমে জনমনে আরো দৃঢ় হয়েছে বলেই আমাদের বিশ্বাস। আমরা এই নির্বাচনের সাফল্যকে দেশে নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবেই দেখতে চাই।