সু.খবর ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হতাহতের দায় প্রধান নির্বাচন কমিশনারের বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীতে অল কমিউনিটি ফোরামের আয়োজিত ‘সুনীতি, সুশাসন, সু-সরকার ও ভিশন ২০৩০’ শীর্ষক আলোচনা সভায় মাহবুবুর রহমান এ কথা বলেছেন।
সাবেক সেনাপ্রধান মাহবুব বলেন, “গোটা দেশজুড়ে কী হচ্ছে? একটা রক্তের হোলি খেলা হচ্ছে। শিশু হত্যা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে নির্বাচনের নামে। কিসের এই নির্বাচন, কেন এই নির্বাচন, কার জন্য এই নির্বাচন? এর জন্য দায়ী করব ইলেকশন কমিশনকে, চিফ ইলেকশন কমিশনারকে (সিইসি)। তিনি যতই আস্ফালন করে বলুন, ‘আমার অর্জন অনেক। ছোট্ট একটি ঘটনার জন্য অর্জন ম্লান হয়ে গেছে, এর জন্য আমি দায়ী নই, আইনশৃঙ্খলা বাহিনীর দায়।’ ইলেকশনে সবকিছুর জন্য দায়ী তুমি, একমাত্র তুমি।”
এ সময় আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, ইউপি নির্বাচন তারই ধারাবাহিকতা। নির্বাচনের ফল আগেই নির্ধারণ করা আছে এমন অভিযোগও করেন তাঁরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শেষ হওয়ার পর মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘প্রথম ধাপের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় ধাপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। কিছু ব্যবস্থা গৃহীত হওয়ায় প্রথম ধাপের তুলনায় এবার একটু ভালো হয়েছে। তবে কয়েকটি ইউপিতে কিছু ঘটনা সামগ্রিক অর্জনকে ম্লান করে দিয়েছে।’