- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্বাচন কমিশন নিয়োগ সার্চ কমিটিতে থাকছেন ড. মোহাম্মদ সাদিক

বিশেষ প্রতিনিধি
নতুন নির্বাচন কমিশন গঠন করতে ছয় সদস্যের সার্চ কমিটির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি সারসংক্ষেপ আকারে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেটি আবার রাষ্ট্রপতির কছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সার্চ কমিটির নেতৃত্বে থাকছেন আপিল বিভাগের একজন বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সার্চ কমিটির প্রধান করা হয়েছে বলে গত রাতে বিভিন্ন অনলাইনে সংবাদ প্রচারিত হয়েছে।
এছাড়াও কমিটিতে হাইকোর্টের এক বিচারপতি থাকবেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। কমিটির অন্য চারজন সদস্য হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি)  চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আখতার।fff
রাষ্ট্রপতি একটি আইনের অধীনে ইসি গঠন করবেন বলে সংবিধানে বলা হলেও সেই আইন এখনও হয়নি। আগের রাষ্ট্রপতি  মো. জিলুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর একটি সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে তাঁদের মাধ্যমে মনোনীতদের নামের তালিকা থেকে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছিলেন। সেবার বিচারপতি সৈয়দ মাহমুদ  হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দু’জনের নাম প্রস্তাব করেছিল। তার মধ্য থেকে বেছে নেওয়া হয়েছিল সাবেক আমলা কাজী রকিবউদ্দীনকে। সার্চ কমিটির প্রস্তাব করা ১০টি নাম থেকে নির্বাচন কমিশনার হিসেবে ৫ জনকে বেছে নেওয়া হয়েছিল।
কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে।
এরপর পাঁচ বছর মেয়াদি অনধিক পাঁচজন নিয়ে নতুন ইসি গঠন করতে হবে রাষ্ট্রপতির।
আইন না হওয়ায় এবারও একই পদ্ধতিতে ইসি গঠন করতে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ লক্ষ্যে তিনি সংলাপ করেছেন এবং রাজনৈতিক দলগুলো আশা করছে, তিনি একটি গ্রহণযোগ্য ইসি গঠন করবেন। গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপ শুরু করেন আবদুল হামিদ। এক মাস ধরে ৩১টি দলের সঙ্গে চলা ওই সংলাপ ১৮ জানুয়ারি শেষ হয়।
অধিকাংশ দল আইন প্রণয়নের তাগিদ দিলেও তা না হওয়া পর্যন্ত সার্চ কমিটির পক্ষে মত দেওয়া হয়েছে। সার্চ কমিটির সম্ভাব্য সদস্যদের নামের প্রস্তাবও দিয়েছে দলগুলো।

  • [১]