- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্মাণকালেই ভেঙে পড়েছে ব্রিজ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন পাল পাড়া গ্রামের কুমুদ পালের বাড়ির সামনে বিএডিসি কর্তৃক প্রায় ৫ লক্ষ টাকার একটি ব্রিজ-কালর্ভাট নির্মাণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজ হওয়ায় ব্রীজের একপাশের এপ্রোচ ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে যাওয়া সেই এপ্রোচ তড়িঘড়ি করে আবারও নিম্ন মানের বালি-পাথর দিয়ে ঢালাই করে দায় সাড়া ভাবে চলে যেতে চাচ্ছেন ঠিকাদার। এলাকার মানুষের এতে অসস্তুষ্টি প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের ভাঙ্গা অংশ নিম্নমানের  বালি-পাথর ও সিমেন্ট দিয়ে ঢালাই করছেন ঠিকাদারের শ্রমিকরা। ব্রিজের ছাদের রড ঢালাই থেকে বের হয়ে আছে, ঢালাই করার সময় সিমেন্ট কম দেওয়া বালি-পাথর ঝরে পড়তে দেখা যায়। ঢালাই ঝরে পড়ার কারণে গর্ত গর্ত হয়ে ছাদ থেকে রড বেরিয়ে পড়েছে। এমন গুরুতর অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে যে কোন সময় পুরো ব্রিজটিই ভেঙ্গে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
শত্রুমর্দন পালপাড়া গ্রামের কুমুদ পাল বলেন,‘আমার বাড়ির সামনে লাউয়া নদীর খালে আমাদের দীর্ঘ দিনের দাবিতে একটি কালর্ভাট-ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সেই কাজটি ঠিকাদার তোফায়েল আহমদ খুবই নিম্নমানের করাচ্ছেন। গত বুধবার দুপুরে ব্রিজের এক পাশের এপ্রোচ হঠাৎ করে ভেঙ্গে যায়। পরে ঠিকাদার তোফায়েল আহমদ সেই ভাঙ্গা অংশ আবার শ্রমিক লাগিয়ে যেনতেনভাবে ধামাচাপা দিতে চাইছেন।’
এ ব্যাপারে স্থানীয় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার বলেন,‘এই ব্রিজ-কালর্ভাটের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। সেই সাথে নিম্নমানের কাজ করা হচ্ছে। আমার দাবি হচ্ছে ব্রিজটি ভেঙ্গে পুনঃনির্মাণ করা হোক। না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে ঠিকাদার তোফায়েল আহমদ এই প্রতিবেদককে বলেন,‘আমার কাজে কোন অনিয়ম হয়নি ও নিম্নমানের কাজ করিনি’। এপ্রোচ ভেঙ্গে যাওয়া ও ছাদের ঢালাই ঝরে পরার কারণ জানতে চাইলে ফোনটি কেটে দেন তিনি।

  • [১]