- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়েছে খাদ্য গুদামের প্রতিরক্ষা দেয়াল

আমিনুল ইসলাম, তাহিরপুর
নির্মাণ কাজ শেষ হতে না হতেই  ভেঙ্গে পরেছে এলজিইডি নির্মিত তাহিরপুর উপজেলা খাদ্য গুদামের নদী তীরবর্তী প্রতিরক্ষা দেয়াল। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজে স্থানীয় লোকজন অনিয়মের অভিযোগ আনলে তাহিরপুর উপজেলা প্রকৌশলী শাহ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অভিযোগকারীদের বলেছিলেন, আমি নিজে দাঁড়িয়ে কাজ করিয়েছি, কাজে কোন প্রকার অনিয়ম হয় নি।
কিন্তু বাস্তবতা ভিন্ন, উপজেলা প্রকৌশলী নিজে দাঁড়িয়ে কাজ করালেও নি¤œমানের কাজের কারণে খাদ্যগুদামের প্রতিরক্ষা দেয়ালটির দুই পাশে ভেঙ্গে গিয়ে পুরো দেয়াল নদীর দিকে হেলে পড়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলা প্রশাসনের নাকের ডগায় এ রকম নি¤œমানের কাজ এলজিইডি করালে প্রত্যন্ত এলাকায়  ঠিকাদার কি কাজ করে তা শুধু মাত্র এলজিইডি ও সংশ্লিষ্টরাই  জানে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, চলতি বছর মার্চ মাসে উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল হতে তাহিরপুর খাদ্য গুদামের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজের দরপত্র আহবান করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ৭২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ বিশিষ্ট প্রতিরক্ষা দেয়ালের নির্মাণ ব্যয় ধরা হয় ৯ লক্ষ টাকা।  লটারির মাধ্যমে এ কাজের দায়িত্ব পান বিশ^ম্ভরপুর  উপজেলার আলমগীর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. আলমগীর হোসেন। এ কাজে তদারকির দায়িত্ব পালন করেন উপ-সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ। পরবর্তীতে ঠিকাদার আলমগীর হোসন উপ-সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ এর সাথে যোগ সাজেসে ও তাকে ম্যানেজ করে নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করান। প্রথম থেকেই কাজে নি¤œমানের বালি পাথর ও রড সিমেন্ট কম দেয়ায় তাহিরপুর বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে মৌখিক ভাবে অভিযোগ করেন তাহিরপুর উপজেলা প্রকৌশলীর নিকট।
অভিযোগ পেয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী অনেকটা ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীদের  উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে বলেছিলেন,‘আমি ইঞ্জিনিয়ায়, আমি নিজে দাঁড়িয়ে কাজ করাচ্ছি, ভাল মন্দ আমাকে বুঝাতে হবে না।’
জানা যায়, কাজ চলাকালীন সময়ে এপ্রিল মাসের শেষ দিকে উপজেলা প্রকৌশলী আলমগীর এন্টারপ্রাইজকে ৬ লক্ষ টাকা বিল প্রদান করেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তাহিরপুর খাদ্য গুদামের প্রতিরক্ষা দেয়ালটি দুই পাশে ভেঙ্গে যায় সেই সাথে সম্পূর্ণ দেয়ালটি নদীর দিকে অনেকটা হেলে পরে। স্থানীয় লোকজনের অভিযোগ উপজেলা প্রকৌশলকে উৎকোচের বিনিময়ে ঠিকাদার নি¤œমানের কাজ করিয়েছেন যে কারণে নির্মাণ কাজ শেষ হতে না হতেই দেয়ালটি ভেঙে পড়েছে। তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার চন্দ, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া সহ বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, কাজ চলাকালীন সময় আমরা উপজেলা প্রকৌশলীকে নি¤œমানের কাজের বিষয়টি অবহিত করেছিলাম। কিন্তু উপজেলা প্রকৌশলী আমাদের কথার কোন গুরুত্ব দেন নি। যার ফলে এটা হয়েছে।
তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম আওলিয়া বলেন,‘খাদ্য গুদামের নদীর তীরবর্তী এলজিইডির  নির্মানাধীন প্রতিরক্ষা দেয়ালটি কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়েছে।’
ওই কাজের ঠিকাদার আলমগীর হোসেন দেয়ালের কাজটি ভেঙ্গে যাওয়ার সত্যতা স্বীকার করেন।
কাজ তদারককারী কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেন নি।
এ বিষয়ে এলজিইডির তাহিরপুর উপজেলা প্রকৌশলী শাহ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দেয়ালটি নির্মাণাধীন অবস্থায় ভেঙ্গে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ কাজের ডিজাইনে ভুল থাকায় এমন হয়েছে।’
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘কাজ চলাকালীন সময়ে নি¤œমানের কাজ হওয়ার বিষয়টি আমাকে অনেকে জানিয়েছিল।’

  • [১]