পি সি দাশ, শাল্লা
মানবতা যেখানে বিপর্যয়ে পড়ে সেখানেই অবিশ্বাস্য সব ঘটনা ঘটতে থাকে। বৃহস্পতিবার এরকম একটি ঘটনা ঘটেছে শাল্লা উপজেলাধীন হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর রাসেন্দ্র দাসের অসহায় পরিবারে। পরিবার ও গ্রামের লোকজনের অগোচরে শেয়াল-কুকুরে খেয়েছে দিনমজুর রাসেন্দ্র দাসের স্ত্রী ৪ সন্তানের জননী জোলেখা রানী দাসের (৩২) মৃতদেহ।
জানা যায় ভারতে কাজের সন্ধানে যাওয়া দিনমজুর রাসেন্দ্র দাস (৩৯)এর স্ত্রী ৪ সন্তানের জননী জোলেখা রানী দাস (৩২)এর মৃতদেহ বৃহস্পতিবার (২১ আগষ্ট) ভোরে তার নিজ বসত ঘরের পিছনের রাস্তায় ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় ৩ টি কুকুরে খাচ্ছে দেখে তার বড় মেয়ে শান্তা রানী দাস (৭) ছেলে রাজীব (৫) সজীব (৩) চিৎকার কান্নাকাটি শুরু করে। এসময় ঘরে ঘুমিয়ে ছিল ১০ মাসের শিশু ছেলে বিশাল দাস। তাদের চিৎকার শুনে আশে পাশের মানুষজন এসে জোলেখার লাশ রাস্তার ঝোপের মধ্যে এই বিভৎস
দৃশ্য দেখতে পায়। মায়ের এমন অবস্থা দেখে অসহায় অবুঝ শিশুরা কাঁদছে কিন্তু গ্রামের মানুষ মৃতদেহটি উদ্ধার করার পরিবর্তে পালিয়ে যায়। । পরে পাশের গ্রামের লোকজন এসে কুকুরগুলোকে তাড়িয়ে দেয় ।
সংবাদ পেয়ে থানার এস আই আবু তাহের ঘটনাস্থলে পৌছে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান । এবিষয়ে তিনি বলেন, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই । সেখানে গিয়ে গ্রামের মুরুব্বি কুনু চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা দুর্গাচরন দাসসহ ৩/৪ জনকে পাই। তারা যতটুকু পারেন সহায়তা করেছেন। তিনি আরো বলেন দুঃখের বিষয় হল এত বড় গ্রামে এই অসহায় মহিলার মৃতদেহটি সরানোর জন্য আমাদের সাহায্য করার মত একজনকেও পাওয়া যায়নি। ইঞ্জিনের নৌকার লোকের সাহায্য নিয়ে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে ।’
এলাকার লোকজনের নিকট খোঁজ নিয়ে জানা যায় এই হতদরিদ্র পরিবারের সবাই অর্ধাহারে অনাহারে থাকতে থাকতে জোলেখা একটু ভারসাম্যহীন হয়ে পড়ে । পুলিশ ধারণা করছে বুধবার দিবাগত রাতে যে কোন এক সময় প্রকৃতির ডাকে বাইরে গেলে মাথা ঘুরিয়ে মাটিতে পরে গিয়ে জোলেখার মৃত্যু হতে পারে এবং মৃত্যুর পরই লাশটিকে শেয়াল কুকুর খেয়েছে । এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান । তিনি আরো বলেন মৃত জোলেখার স্বামী ভারত থেকে আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।