- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উচ্চ আদালতে মামলা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগে নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন মাওলানা নিজাম উদ্দিন জালালী নামের এক পেশ ইমাম। রিট পিটিশনের পর মহামান্য হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারী করেন। জারীকৃত রুলে আগামী ৭ জুনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক পেশ ইমাম উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অপসাধু গ্রামের বাসিন্দা মাওলানা নিজাম উদ্দিন জালালী গত ৭ মে হাইকোর্ট এ রিট পিটিশন ২৯৯৮/২৩ দায়ের করেন।
রিট পিটিশনে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১০ আগস্ট উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হিসেবে নিজাম উদ্দিন জালালী নিয়োগ পেয়ে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত যথাযথভাবে দায়িত্ব পালন করেন।
মডেল মসজিদ জনবল নিয়োগ নীতিমালা ২০২১ অনুযায়ী উল্লেখ আছে যে, সমস্ত জায়গায় বিদ্যমান মসজিদ ভেঙ্গে সেই জায়গায় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। সে ক্ষেত্রে পূর্বে ঐ মসজিদে যারা কমপক্ষে একটানা পাঁচ বছর কর্মরত ছিলেন নিয়োগের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু এ নীতিমালা লঙ্ঘন করে জগন্নাথপুর মডেল মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম নিয়োগ দেওয়া হয়।
বিষয়টি আদালতের নজরে এনে রীট পিটিশনটি দায়েরের পর মহামান্য সুপ্রিমকোর্ট অব হাইকোর্ট বিভাগ গত ৭ মে এক রুল জারী করেন। বিচারপতি জাফর আহম্মেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ কেন নিজাম উদ্দিন জালালীকে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে নির্দেশ দেয়া হবে না মর্মে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শনোর জন্য নির্দেশ প্রদান করা হয়।
রুলে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক, ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রকল্প পরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, জগন্নাথপুরের ইউএনও, উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব সুনামগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবং জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম জুবায়ের আহমদকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
ভুক্তভোগী ইমাম নিজাম উদ্দিন জালালি বলেন, আমার প্রতি অবিচার করা হয়েছে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক একাডেমির ইমাম নিয়োগের নীতিমালা তোয়াক্কা না করে অনিয়ম দুর্নীতি মাধ্যমে ইমাম নিয়োগ করা হয়েছে। আমি উচ্চ আদালতের স্মরণাপন্ন হলে আদালত রুল জারি করেছেন। আশা করছি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাব।
এ ব্যাপারে জগন্নাথপুর (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাজেদুল ইসলাম বলেন, আমরা হাইকোর্টের জারীকৃত রুলের জবার দিতে কাজ করছি।

  • [১]