- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নেতাকর্মীদের কাদের উল্টাপাল্টা করলে খবর আছে

সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, উল্টাপাল্টা করলে খবর আছে। তিনি বলেন, দল করতে হলে দলের নিয়মকানুন মেনে চলতে হবে। মৌসুমী পাখিদের আওয়ামী লীগে জায়গা হবে না। যারা অন্যায় কাজ করবে তাদের বিরুদ্ধে দল অ্যাকশনে যাবে বলেও জানান  
 নতুন সাধারণ সম্পাদক।
যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বুধবার দুপুরে ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রেরণা চত্বরে আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনার অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান। তাও আবার নেগেটিভ নয়, পজেটিভ অ্যাকশান।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মালা নিতে আসিনি। আমাকে মালা দিয়ে খুশি করার দরকার নেই। নেতাদের জনগণের জন্য কাজ করতে হবে।’
দলের সাধারণ সম্পাদক বলেন, যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করেন না তাদের মনোনয়ন দেয়া হবে না। দলের নেতাদের ভালো আচরণ করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করতে হবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের সরকার বানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে।
ওবায়দুল কাদের কাব্যিক ছন্দে বলেন, ‘‘বাগানের ফুল শুকিয়ে যাবে। তোরণের ফুল নষ্ট হয়ে যাবে। বিলবোর্ডের সুন্দর সুন্দর ছবি মুছে। পোস্টারের ছবি ছিঁড়ে যাবে। পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখব নাম, সে নাম রয়ে যাবে।’
দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে কাদের বলেন, আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখবো, রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখবো। আওয়ামী লীগে নেতা দরকার নেই, কর্মী দরকার।
মন্ত্রী তরুণ সমাজের উদ্দেশে বলেন, দেশের রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ নয়, রাষ্ট্রনায়ক হচ্ছে পরবর্তী প্রজন্ম। তরুণ সমাজ। তরুণদের রাজনীতি সচেতন হতে হবে। তাদের সর্বনাশা মাদকে নষ্ট করে দিচ্ছে। এই মাদককে প্রতিরোধ করতে হবে। মাদকের মতো উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকেও প্রতিরোধ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম আনার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ারদার, আজিজুর রহমানসহ জেলা নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এ.কে.এম এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা, গোলাম রব্বানি চিনু প্রমুখ।

  • [১]