নেতার পকেটে না ঢুকে নীতির পথে চলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা। রবিবার জেলা শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ এই পরামর্শ দিয়েছেন। তিনি অল্প কথায় যা বলেছেন তার মর্মার্থ অনেক বড়। ব্যাখ্যা করতে চাইলে বিশাল লিখার অবতারণা সম্ভব হবে। আপাতত তার প্রয়োজন দেখি না। কারণ আমরা প্রতিনিয়ত মুখে এক কথা বলি আর কাজে ভিন্ন চর্চা করি। এই ধরনের প্রেক্ষাপটে প্রাথমিক আকাক্সক্ষা হলো কেন্দ্রীয় নেতার আহ্বানটি অন্তত তাঁর নিজ দলে অনুসরণ শুরু হোক। ভাল জিনিসের একটি চমৎকার ক্ষমতা আছে। এটি একজন থেকে বহুজনে বিস্তৃত হয় সহজেই। আর শ্রমিক লীগের বিষয়টি এক্ষেত্রে আরও বেশি কার্যকর হবে। কারণ এই দলের মূল রাজনৈতিক দলটিই এখন দেশ শাসন করছে। তাঁরা যদি নেতার পকেটে ঢুকার পরিবর্তে নীতির চর্চা শুরু করেন তাহলে আর কোথাও এই অনৈতিক চর্চা করে সুবিধা করা যাবে না। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম এই সুপরামর্শটি কার্যক্ষেত্রে কতটুকু প্রযুক্ত হয় তা দেখার জন্য।
সামাজিক-রাজনৈতিক তত্ত্বানুসারে শ্রমিক শ্রেণি হলো সবচাইতে বড় সংগঠিত বিপ্লবী শ্রেণি। পূঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণি উপযুক্ত রাজনৈতিক তত্ত্ব ও নেতৃত্ব পেলে রাষ্ট্রের নিয়ন্ত্রক হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পৃথিবীর দেশে দেশে সমাজতন্ত্রের যে জয়জয়কার দেখা গিয়েছিল সেটি শ্রমিক শ্রেণির অগ্রবর্তী রাজনৈতিক ভূমিকারই ফসল। ক্রমে ক্রমে শ্রমিক শ্রেণিকে নিজেদের এই ঐতিহাসিক ভূমিকা থেকে বিচ্যুত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত শিল্পোন্নয়নের মূলে শ্রমিক শ্রেণির যে অবদান তাকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। আজ আমরা যে উন্নয়নের বড়াই করছি সেখানেও আমাদের সংগ্রামী শ্রমিক শ্রেণির ভূমিকা অনস্বীকার্য। বিশাল গার্মেন্টস সেক্টর মূলত দাঁড়িয়ে আছে দেশের সস্তা শ্রম শিল্পের উপর নির্ভর করে। একমাত্র শ্রমশক্তি ছাড়া এই খাতের আর সব উপকরণই বাহির থেকে আমদানি করতে হয়। শ্রমশক্তিকে বাদ দিলে গার্মেন্টস সেক্টর মুখ থুবড়ে পড়বে। কিন্তু এই বিশাল শ্রমিক শ্রেণিকে উপযুক্ত মজুরি পরিশোধের প্রশ্নে মালিকরা নানা কারসাজি করতে সবচাইতে বেশি পছন্দ করেন। গার্মেন্টস মালিক শ্রেণিটি দরকষাকষির মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের নিকট থেকে দাম বাড়ানোর সক্ষমতা রাখেন না কিন্তু যেটুকু মুনাফা তারা পেয়ে থাকেন তার কিঞ্চিত পরিমাণ অংশ শ্রমিকদের জন্য বাড়ানোয় তারা সমান অনীহা দেখাতে ওস্তাদ। এখানে অসংগঠিত শ্রমিক রাজনীতি ও শ্রমিক নেতৃত্বের নেতার পকেটে ঢুকে যাওয়ার বিষয়টি আলোচনায় আসা প্রাসঙ্গিক হবে।
শ্রমিক সংগঠনে অশ্রমিক নেতৃত্ব একটি বড় সমস্যা আমাদের দেশের শ্রমিক রাজনীতির জন্য। দেখা যায় সাধারণ শ্রমিক শ্রেণিকে নিজেদের রাজনৈতিক ও অন্যবিধ উদ্দেশ্যে ব্যবহার করার প্রবণতা ব্যাপকভাবে বিদ্যমান আমাদের দেশে। শ্রমিক রাজনীতির এই লেজুড়বৃত্তির ধারার বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ থাকলেও নেতৃত্বের কৌশলী ভূমিকায় ওই ক্ষোভ কখনও নেতৃত্ব পরিবর্তনে ভূমিকা রাখতে পারে না। জাতীয় ক্ষেত্রে এই অপধারাটির বিরুদ্ধে সাধারণ শ্রমিকদেরই নিরন্তর সংগ্রাম করে যেতে হবে। একই সাথে যারা সমাজকে ইতিবাচক পরিবর্তনের জন্য রাজনীতি করেন তাদেরকে সাধারণ শ্রমিক সমাজের সাথে ব্যাপক ও কার্যকর সংযোগ রক্ষা করে যেতে হবে।
শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতির বক্তব্যকে মূলকথা ধরে আসুন এই বৃহত্তর সংগ্রামী শ্রেণিটিকে তার ঐতিহাসিক ভূমিকার জায়গায় প্রতিষ্ঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখি।