সু.খবর ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ছাত্রলীগ নেতার নেতৃত্বে এক ফার্মেসি মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে লালাবাজার সেতুর ওপর হামলাকারীদের এলোপাতাড়ি পিটুনিতে ঘটনাস্থলে মারা যান মো. আজির মিয়া (৪৫) নামের ওই ব্যবসায়ী। লালাবাজারের শাহজালাল ফার্মেসির মালিক আজির মিয়া বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত. মফসসর আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, আজির মিয়ার ফার্মেসিতে চিকিৎসা পরামর্শ দেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. নাদির হোসেন চৌধুরী। গত বুধবার রাতে তার গাড়িটি স্থানীয় জুনাব আলী রাইস মিলের সামনে পার্কিং করে তিনি চেম্বারে আসেন। এ সময় সাহানীয় ভরাউটা গ্রামের আজাদ তার গাড়ি দিয়ে ডা. নাদিরের গাড়ির পেছনে ধাক্কা দেন। এতে ডা. নাদিরের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ফার্মেসি মালিক আজির মিয়ার সঙ্গে আজাদের বাগবিতন্ডা হয়।
পরে এলাকার অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল রবিবার বিষয়টি মীমাংসা করে দেয়ার তারিখ নির্ধারণ করে সাময়িকভাবে ঘটনার মীমাংসা করে দেন।
কিন্তু শুক্রবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি যাওয়ার পথে লালাবাজার সেতুতে আজির উদ্দিনের পথ রোধ করে আজাদ ও তার ভাই ছাত্রলীগ নেতা রিয়াজ। তাদের সঙ্গে ছিল ১৫-২০ জন ক্যাডার। তারা লোহার রড দিয়ে আজিরকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। এ সময় আজিরের কাছে থাকা নগদ টাকাও নিয়ে যায় হামলাকারীরা। হামলার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আজির উদ্দিনের নিথর দেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজির উদ্দিনের খুনের ঘটনায় টেংরা ও ভরাউট গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
খুনের ঘটনার তিবাদে বিক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা রাতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর রাত পৌনে দুইটার দিকে পুলিশের ডিসি (দক্ষিণ) বাসুদেব বণিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। ডিসি বাসুদেব বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।