- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নোয়াগাঁওয়ের ঘটনা চাপা দেবার অপচেষ্টা করা হচ্ছে-জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোহে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের দিকে এগুলে খামারখালি সেতুতে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন দলের নেতা কর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায়র প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মোনাজ্জির হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শাল্লার নোয়াগাঁওয়ের সংখ্যালঘু গ্রামকে সুরক্ষা দিতে দিতে না পারার ব্যর্থতা আড়াল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানান বিএনপি নেতারা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার বিকালে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর যুবলীগ নেতা স্বাধীন মেম্বারের নেতৃত্বে বর্বরোচিত হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার দূরভিসন্ধি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হচ্ছে। এছাড়াও মিথ্যা ও উদ্ভট মামলা প্রত্যাহারের জন্য জেলা বিএনপি জোর দাবি জানাচ্ছে।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামির তালিকায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমেদও রয়েছেন। সোমবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-এ-এলাহীর আদালতে মামলাটি দায়ের করা হয়।

  • [১]