বিশেষ প্রতিনিধি
বলা হয়ে থাকে দিরাই-শাল্লার দুখু সেন (প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত) জাতীয় নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং ৮ বারের সংসদ সদস্য হওয়ার নেপথ্যের কারিগর তাঁর স্ত্রী ড. জয়া সেন গুপ্তা। দিরাই-শাল্লার উপ-নির্বাচনে তাই রোববার রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের সভায় জয়া সেন গুপ্তাকে প্রার্থী করে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের নৌকার কান্ডারী করে দেয়া হলো। রোববার রাত সাড়ে নয়টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে জয়া সেন গুপ্তাকে
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণা হয়। সঙ্গে সঙ্গেই দিরাই-শাল্লায় এই খবর পৌঁছালে দুই উপজেলা সদরসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়।
জয়া সেন এক মহিয়সী নারী
বাবা মায়ের দুই সন্তানের মধ্যে জয়াসেন বড় মেয়ে। শৈশব কৈশোর কেটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালি গ্রামে। বাবা ছিলেন আইনজীবী।
ভাঙ্গা এলাকার বনেদি পরিবারের সন্তান জয়া সেন লেখা পড়া শেষে প্রথম কর্ম জীবন শুরু ফরিদপুরের রাজেন্দ্র কলেজের প্রভাষক হিসেবে।
স্বাধীনতা যুদ্ধের প্রাককালে বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমিয়ে ছিলেন পিতার আদিনিবাস কলকাতায়। কলকাতাতেই সুরঞ্জিত সেন গুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধহন জয়া সেন।
ঐ সময় সুরঞ্জিত সেন গুপ্ত টেকেরঘাটের সাব-সেক্টরের কমান্ডার। স্বাধীনতা যুদ্ধের পরপরই ছয়জন বরযাত্রীসহ বর সেজে গিয়েছিলেন তিনি কলকাতায়। জয়াসেনকে বরণ করে ফিরে আসেন বাংলাদেশে।
ব্যাক্তি জীবনে জয়া-সুরঞ্জিত দম্পতির একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার সৌমেনের স্ত্রী রাখি মৈত্রি সেন গুপ্ত পেশায় চিকিৎসক।
সুরঞ্জিত সেন গুপ্তের বর্ণিল রাজনৈতিক জীবন ঘিরে জয়া সেন’র অবদানের কথা মুখে মুখে রয়েছে দিরাই-শাল্লার আওয়ামী লীগসহ সুরঞ্জিত সেন গুপ্তের সমর্থকদের মধ্যে।
দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বলেন,‘প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের সকল কর্মীদের নাম-পরিচয়ে চিনেন- জানেন জয়া সেন গুপ্তা। সুরঞ্জিত সেন গুপ্তের ৫০ বছরেরও বেশি সময়ের রাজনীতি এবং নির্বাচনে নেপথ্যে কাজ করতেন জয়া সেন গুপ্তা। তিনি উচ্চ শিক্ষিত মায়াবী এবং অসাম্প্রদায়িক একজন মানুষ। দিরাই-শাল্লাবাসী তাকে পেয়ে খুশী। দিরাই-শাল্লার নেতা কর্মীরা প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যু শোক কিছুটা হলেও তাঁর (জয়া সেন গুপ্তার) দিকে চেয়ে কাটিয়ে ওঠতে পারবে।’
আশির দশকে এরশাদ সরকারের মার্শাল’ল এর শিকার হয়ে সুরঞ্জিত সেন গুপ্ত জেলে থাকা অবস্থায় জয়া সেন চাকুরি নিয়েছিলেন ব্রাকের উপানুষ্টানিক শিক্ষা বিভাগের প্রধান হিসেবে। স্বামীর অসুস্থ্যতার জন্য বছর খানেক আগে চাকুরি থেকে অব্যাহতি নেন। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত ব্রাকের শিক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জয়া সেন গুপ্তা বাংলায় ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন। জয়া সেন গুপ্তা সদালাপি, মুক্তমনা মহিয়সী নারী।
জয়া সেন’র কৃতজ্ঞতা
ড. জয়া সেনগুপ্ত দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একইভাবে দিরাই-শাল্লা আওয়ামী লীগের উপজেলা ও তৃণমূলের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নেতাকর্মীরাই আমাকে তাদের নেতার আসনে নির্বাচন করতে অনুপ্রাণিত করছেন। তারা সাংগঠনিক প্রক্রিয়ায় উপজেলা কার্যনির্বাহী কমিটির সভা করে রেজুলেশন করে আমাকে প্রার্থী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। পরে তৃণমূলের সেই সিদ্ধান্ত তারা কেন্দ্রকেও অবগত করেছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. জয়া সেনগুপ্ত বলেন, ‘আমার স্বামীকে সকল নেতাকর্মী মনে-প্রাণে শ্রদ্ধা করতেন। তারা হৃদয় উজার করে তাকে ভালোবাসতেন। তার স্ত্রী হিসেবেও আমাকে সব সময়ই তাদের চাওয়া-পাওয়ার কথা জানাতেন। আমার প্রয়াত স্বামীর প্রতি বিশ্বস্থ হাজার হাজার নেতাকর্মীকেও আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের সুখ দুঃখের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। নেতা মারা যাবার পর শোকার্ত নেতাকর্মীরা আমাকে মানসিকভাবে অফুরান শক্তি দিয়ে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘দুর্গম হাওর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষাসহ সবধরনের উন্নয়নে আমার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত সম্পৃক্ত ছিলেন। তার অনেক স্বপ্ন ও উন্নয়ন তার মৃত্যুতে অসমাপ্ত রয়ে গেছে। দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আমি সেই স্বপ্নপূরণে কাজ করতে চাই। আমৃত্যু আওয়ামী লীগের প্রতি বিশ্বস্থ আমার স্বামী আমাকেও আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করার জন্য প্রভাবিত করেছেন। এখন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দলের সভানেত্রী শেখ হাসিনা আমাদের রাজনৈতিক অভিভাবক। আশাকরি অভিভাবক হিসেবে তিনি আমাকে আমার স্বামীর অপূর্ণ স্বপ্নপূরণে কাজ করার সুযোগ দিবেন।’
আগামী ৩০ মার্চ দিরাই-শাল্লা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।
জয়া সেন গুপ্তের মনোনয়ন
প্রদানে যারা ছিলেন
রোববার দুপুরে ড. জয়া সেন গুপ্ত সহ¯্রাধিক নেতা কর্মীসহ ধানমন্ডির কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ, সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, আওয়ামী লীগ নেতা নান্টু রায়, এম এইচ চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহ্রিয়ার, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, সাবেক ছাত্রনেতা শাহ্রিয়ার বিপ্লব, আওয়ামী লীগ নেতা সিরাজ-দৌলা তালুকদার, অ্যাড. সোহেল আহমদ, আলামিন চৌধুরী, মুহিবুর রহমান, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, নিজাম উদ্দিন, নেত্রকোনার আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান নবাব, জয়া সেন গুপ্তার ছেলে সৌমেন সেন গুপ্ত ও পুত্রবধু ডা. রাখি মৈত্রি সেন গুপ্ত।