স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নৌকার কা-ারী নির্ধারণ আজ। আগামী ৩০ মার্চ এই আসনের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন দলীয় নেতা। এরা হলেন- এই আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা শহীদ ছাত্রনেতা তালেব উদ্দিনের ভাই অ্যাডভোকেট শামছুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সামছুল হক চৌধুরী, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, সাংবাদিক দীপক চৌধুরী ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অবনী মোহন দাস।
আজ রোববার রাত আটটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই ঠিক হবে সুনামগঞ্জ-২ আসন এবং কুমিল্লা সিটি করপোরেশনে কে দলীয় মনোনয়ন পাবেন।
আগামী ৩০ মার্চ ভোটগ্রহণের দিন ধার্য করে প্রয়াত সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেন গুপ্তের আসনের (সুনামগঞ্জ-২) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।