স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হাসিনুর মিয়া (৩৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। শনিবার দুপুর ২টায় বিশ^ম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। এসময় হাসিনুর মিয়ার মরদেহ যাদুকাটা নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক নামক এলাকার যাদুকাটা নদীতে পড়ে নিখোঁজ হয় হাসিনুর মিয়া। হাসিনুর মিয়া ঘাগটিয়া গ্রামের আকাশ মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে হাসিনুর তার স্ত্রীর বড় ভাই মাশুক মিয়ার ছেলে জিয়াউল হক (৯) ও সাইফুল মিয়া (৫) কে নিয়ে যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহ করতে যায়। লাকড়ি সংগ্রহ শেষে নৌকা নিয়ে যাদুকাটা নদীর তীরে আসার পথে নৌকাটি হঠাৎ ধমকা হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
এসময় পর্যটকবাহী একটি নৌকা ফেরার পথে দুই শিশু নদীর পানিতে তলিয়ে যাচ্ছে দেখতে পেয়ে উদ্ধার করে। কিন্তু এর আগেই নৌকায় থাকা যুবক হাসিনুর মিয়া পানির নীচে তলিয়ে যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শনিবার দুপুর ২টায় যাদুকাটা নদী থেকে বিশ^ম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালানোর পর হাসিনুর মিয়ার মরদেহ যাদুকাটা নদী থেকে উদ্ধার করে।