স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন, ভোটের আগে এবং পরের দিন নৌ ও যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম ধাপে আগামীকাল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪টি, জামালগঞ্জ উপজেলার ৪টি এবং ধর্মপাশা উপজেলার ১০টি সহ মোট ১৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, নির্বাচন কমিশনের নতুন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপে সারাদেশের ৭০৭ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ৪ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্চিন চালিত সকল ধরনের নৌ-যান এবং স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তবে সকল ধরনের ইঞ্জিন চালিত নৌযানের উপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।
অন্যদিকে, ৪ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিক আপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ৩ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৬ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইসি জানায়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।