স্টাফ রিপোর্টার
রাত পোহালেই আগামী ২৯ ডিসেম্বর জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ও ছাতক উপজেলার খুরমা উত্তর ও খুরমা দক্ষিণ উপ নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ৮৮ ধারা মোতাবেক যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
আজ ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৯ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় লঞ্চ, ইঞ্জিন চালিত সকল নৌ যান, স্পিড বোট, ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও ২৭ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে এ নিষেধাজ্ঞা প্রতিদ্বন্দ্বিপ্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি বিদেশী পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীকের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ২৯ ডিসেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়াও ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং খুরমা দক্ষিণ ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।