- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব কারও একার নয়-গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া কখনো চান নি পদ্মা সেতু না হোক। দেশি বিদেশী দাতা সংস্থা পদ্মা সেতুর উপর আঙুল তুলেছে, সরকার তার জবাব দেবে। পদ্মা সেতুর টাকা জনগণের টাকা, এটা কারো ব্যক্তিগত টাকা নয়। সুতরাং এইটা কৃতিত্ব নেয়ার কিছু না। জনগণ কষ্ট স্বীকার করেছে তাদের পরিশ্রমের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে, কারো দয়ার দান নয়। এটা যদি দুর্নীতিমুক্ত হতো, এখানে যদি কোনো লুটপাট না হতো, তাহলে অবশ্যই বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ দিতাম।
তিনি বলেন, আমরা দুঃখিত, ধন্যবাদ দিতে পারছি না কারণ এখানে দুর্নীতি সম্পৃক্ত। ধন্যবাদ দিতে চাইলে দুর্নীতির টাকাটাও হালাল হয়ে যাবে। মানুষ ভালো বলবে না। আপনারা জানেন খালেদা জিয়াকে দাওয়াত দিতে আইনগত কোনো বাধা নাই, তারপরও তারা দেয় নি। উনি গৃহবন্দি- উনার ধন্যবাদ দেওয়ার অধিকারও নাই। পদ্মা সেতু দেশের সম্পদ, দেশের টাকায় হয়েছে। এর কৃতিত্বের দাবিদার দেশের প্রতিটি জনগণ। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়।
শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে বন্যা কবলিত দুঃস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নারী ও শিশু অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলার আহবায়ক অ্যাড আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেনের সঞ্চালনায় আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নিপুণ রায়, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক শরাফাত আলী শফু, বিএনপির সাবেক এমপি বিলকিছ ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এর আগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিন্তু বর্তমান সরকার মানুষের জন্য না। বর্তমান সরকার নারী পাচারকারী, মুদ্রা পাচারকারী, খুনি, দাগি, লুটপাটকারী, দুর্নীতিবাজ। বিএনপি বিশ্বাস করে মানুষ মানুষের জন্য, বিএনপি মানুষের জন্য। আমাদের সংগঠনটা করাই হয়েছিলো দুঃস্থ ও নির্যাতিত মানুষের পাশের দাঁড়ানোর জন্য। আজকে বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ লোক পানিবন্দি আর জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাবন্দি অথবা গৃহবন্দি। আগামীতে মুদ্রা পাচারকারী সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। আগামি দিনে আপনারা যাকে পছন্দ করবেন তাদের নিয়ে জনগণের সরকার হবে। সেই জনগণের সরকার জনগণের পাশে থাকবে। তিনি বলেন, সেদিন প্রধানমন্ত্রী সিলেটে এসে যদি বলতেন পদ্মাসেতুর উদ্বোধনী খরচ আমরা সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য প্রদান করলাম তাহলে প্রশংসা করা যেতো।
নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় বলেন, বর্তমান সরকার ভোট চোর সরকার। ভোট চোর সরকারকে আমরা বানভাসি মানুষের পাশে দেখতে পাচ্ছি না। তারা পদ্মা সেতুর লুটপাট নিয়ে ব্যস্ত। অস্থায়ী বাথরুম, টয়লেট করে সেখানে ৯ কোটি টাকা খরচ করেছে। এদিকে ৫০ লক্ষের উপর বানভাসি মানুষে খাদ্য পাচ্ছে না, সেবা পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে না। তাই বুঝে নিতে হবে বর্তমান সরকার জনগণের পাশে আর নেই। বর্তমান সরকার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আমলা এবং প্রশাসনকে ব্যবহার করছে। আমরা বানভাসি মানুষের পাশে আছি। দেশনায়ক জনাব তারেক রহমান আপনাদের পাশে আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পাশে আছেন।

  • [১]