- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পনাতীর্থ বারুণীস্নান ও প্রশাসনের কাগুঁজে সিদ্ধান্ত

প্রসেনজিৎ দে (পিনু)
গত ৫ই এপ্রিল ২২শে চৈত্র মঙ্গলবার প্রতি বৎসরের ন্যায় মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে ছিল পনাতীর্থ বারুণীস্নান। প্রখ্যাত সাংবাদিক কলামিষ্ট হাসান শাহরিয়ার সাহেবের একটি লেখা গত ৪টা এপ্রিল দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত হয়। শিরোনাম ছিল ‘সব তীর্থ বার বার  পনাতীর্থ একবার’ । অতীব তথ্যবহুল লেখাটিতে পনাতীর্থের উৎপত্তিসহ এর ইতিহাস সুন্দরভাবে উঠে এসেছে। লেখাটির শিরোনামের গুরুত্ব উপলব্ধি করা যায় দুর্গম তীর্থ স্থানটিতে যাওয়ার পর, তীর্থযাত্রীগণ  যখন রাস্তার দুরবস্থার কথা ভেবে কষ্টের কথা মনে করে বার বার বলতে থাকেন আর আসব না বারুনী স্নানে তখনি মনে হয় সব তীর্থ বার বার পনাতীর্থ একবার। পনাতীর্থ বারুনী স্নান বাংলাদেশের হিন্দুদের বৃহৎ তীর্থ মেলার মধ্যে একটি কিন্তু পনাতীর্থ বারুনী মেলা উৎযাপন কমিটি কিংবা স্থানীয় প্রশাসন তীর্থযাত্রীদের কষ্ট লাঘবের কোনই উদোগ কিংবা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেননি। এইবৎসর তিথির যোগ বা সময় ছিল ভোর ৫ট ঘটিকা হইতে  সকাল ৮.১৮মিনিট পর্যন্ত অল্প সময়ের জন্য। এই বৎসর প্রথম সুরমা নদীর উপর নির্মিত আব্দুর জহুর সেতু চালু হওয়ায় সকলেই আশান্বিত ছিলেন যাতায়াতের কষ্ট কম হবে। যাব আর আসব। কিন্তু বাস্তব অবস্থা ছিল ভিন্ন। প্রশাসন থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল । কিন্তু এই হার নির্ধারণ করার পর বাস্তবায়িত হচ্ছে কি না কিংবা তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের একজন লোকও রাস্তায় ছিলেন না। বারুনী স্নানের পূর্বদিন অর্থাৎ ৪ এপ্রিল সকাল থেকেই তীর্থযাত্রীদের আগমন শুরু হয় । অত্র লেখক বিকাল ৩ ঘটিকায় আব্দুজ জহুর সেতুতে যাই অনেকদূর থেকে আসা আত্মীয়দের গাড়িতে তোলে দেওয়ার জন্য। পূর্বদিন স্থানীয় পত্রিকা সহ গণমাধ্যমে ভাড়ার হার নির্ধারণ হওয়ায় সবাই খুব আশস্থ ছিলাম। কিন্তু বাস্তব বড়ই কঠিন লেগুনা ভাড়া কেউ হ্কাচে জনপ্রতি ২০০ কেউবা ১৫০, সিএনজি জনপ্রতি সর্বনিম্ন ৩৫০ টাকা, মোটর সাইকেল জনপ্রতি ৪০০ টাকা। যাত্রীগণ পত্রিকায় লিখিত সিদ্ধান্তের কথা বললে চালকগণ অবজ্ঞাভরে বলে, পত্রিকাআলাদের জিগাইন। অসহায় আমরা আমাদের হেনস্তার কথা বলার জন্য কোন পুলিশ কিংবা উদযাপন কমিটির লোক কাউকেই কোথাও খুজে পাইনি।  অগত্যা আমার ৫ জন আত্মীয়কে ১৬০০টাকায় সিএনজি রিজার্ভ করে পাঠাতে হলো। পনাতীর্থ বারুনী স্নান ধীরে ধীরে প্রাচীনকাল থেকে শুরু হয়ে বর্তমানে বৃহত তীর্থমেলায় রূপ নিয়েছে। এই বৎসর ছিল ৫০০ বৎসর পূর্তি উৎসব। কয়েকলক্ষ লোকের সমাগম হয়ে থাকে এই মেলায়। যাত্রীগণ স্ব স্ব নিরাপত্তায় অদৈত্ব আচার্যের কৃপায় বড় কোন দুর্ঘটনার সম্মুখীন হন না। ঢাকা, কুমিল্লা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা তীর্থযাত্রীদের প্রথমেই পড়তে হয় রাস্তা চেনার সমস্যায়, আনন্দবাজারের পরেই অনেক ছোট ছোট রাস্তা হওয়ায় কোন রাস্তা দিয়ে যাবেন তার নিশানা না থাকায় ভুল রাস্তায় ঢুকে পুনরায় গাড়ি ঘুরানোর মতো পর্যাপ্ত জায়গা না থাকায় শুরু হয় যানজট। শুধুমাত্র একটু সুনজর দিলেই এ বিড়ম্বনা এড়ানো সম্ভব। যেমন প্রতিটি পয়েন্টে একজন করে পুলিশ থাকলে তিনি যেমন রাস্তা দেখিয়ে দিতে পারবেন তেমনি গাড়িগুলির লাইনও ঠিক রাখতে পারবেন। এতো ভাল রাস্তা থাকার পরও আনন্দবাজার থেকে আসা যাওয়ায় ১৫ মাইল হাঁটতে হলো। এই বৎসর ভোর বেলায় যোগ হওয়ায় দুরের এবং কাছাকাছির তীর্থযাত্রীগণ আগের দিন থেকে শুরু করে মধ্যরাত্রে ও শেষরাত্রে গাড়ি নিয়ে রাস্তায় নেমে যানজটের বিড়ম্বনায় পড়েন। দূর থেকে আসা মাইক্রোবাস ও লেগুনার জন্য রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ছোট ছোট অটোরিক্সা, মোটর সাইকেল, রিক্সা কোন কিছুই চলার মতো না হওয়ায় পায়ে হাঁটা ছাড়া কোন গত্যন্তর ছিল না। স্নানার্থী মহিলাদের স্নানের পর প্রকাশ্যে ভিজে কাপড় পরিবর্তন করতে হয়। আর এক সমস্যা মোবাইল কোম্পানীর নেটওয়ার্ক না থাকা,এতে করে হারিয়ে যাওয়া সংগীয় লোকটিকে খুজে পাওয়ার বিড়ম্বনার ক্ষেত্রে উদযাপন কমিটির মাইকে ঘোষণা দেওয়ার কোন বন্দোবস্ত নাই। উনারা মাইক নিয়ে দূরবর্তী মন্দিরে বসেই নিয়ন্ত্রণ করেন । নেই পানীয় জলের ব্যবস্থা, সদাসয় ধর্মানুরাগী ব্যক্তিগণ কিছু কিছু নলকূপ স্থাপন করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগন্য। নেই রোদ বৃষ্টি থেকে আশ্রয় লাভের পর্যাপ্ত পরিমাণ আশ্রম। তাই রোদ এবং বৃষ্টি মাথায় নিয়েই চলছে পনাতীর্থ। যাদু কাটা নদীর অপর পাড়ে ইসকন মন্দির প্রতিষ্ঠা হয়েছে অনেক বড় জায়গা নিয়ে। সেখানে পূণ্যার্থীদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে কিন্তু নেই রাত্রি যাপনের জন্য পর্যাপ্ত আশ্রয়ন। নদী পার হওয়ার জন্য বারকি বালুর নৌকাগুলি তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করে থাকে, নেই সেই বিষয়গুলি দেখার মত কোন লোক। তাই তীর্থ যাত্রীদের কষ্ট লাঘবের জন্য ভুক্তভোগী হিসাবে কতিপয় সুপারিশ করলাম । যেমন পনাতীর্থ বারুনী স্নানের পূর্বদিন থেকে পুলিশ কর্মকর্তা সহ আব্দুজ জহুর সেতুর দুই পার্শ্বে লেগুনা, সিএনজি, অটোরিক্সা ও মোটর সাইকেলের টিকিটের কাউন্টারের ব্যবস্থা করা। তীর্থ যাত্রীগণ যাতে নির্ধারিত ভাড়ায় টিকিট কেটে গন্তব্যে পৌঁছতে পারেন। এতে করে খেয়াল খুশিমত টাকা আদায়ের প্রবণতা হ্রাস পাবে। দ্বিতীয়তঃ প্রতিটি পয়েন্টে পুলিশ প্রশাসন অথবা বারুনী স্নান উদযাপন কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা। অথবা প্রতিটি পয়েন্টে দিক নির্দেশনা মূলক সাইনবোর্ড স্থাপন করা। যানজট নিরসনকল্পে বারুনী স্নানের পূর্ব থেকে একটি গাড়ি পার্কিং স্থান নির্ধারণ করে গাড়িগুলি সেখানে রাখার ব্যবস্থা করা। রাস্তাগুলি ছোট হওয়ার কারণে বড় গাড়ী অর্থাৎ মাক্রোবাস বা হাইয়েস জাতীয় গাড়ি পলাশ বাজারের পর হইতে ঢুকতে না দেওয়া। বারুনী মেলার প্রাঙ্গণে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সার্ভিস পাওয়ার জন্য মোবাইল ফোন কোম্পানিগুলির সাহায্য গ্রহণ। পানীয় জলের অভাব দূর করণার্থে ১০/১৫ হাত দূর দূর অন্ততঃ ৩০টি নলকূপের ব্যবস্থা করা। স্নানাথী মহিলাদের কাপড় পাল্টানোর জন্য অন্ততঃ ১০০টি অস্থায়ী বাথরুমের ব্যবস্থা করা। নদী তীরবর্তী স্থানে স্বেচ্ছাসেবক বাহিনীর নিরবচ্ছিন্ন তদারকির ব্যবস্থা করা। তীর্থ যাত্রীগণ কষ্ট ভোগ করলেও প্রতি বৎসরই পনাতীর্থ বারুনী স্নানে গিয়ে থাকেন। কারণ তীর্থ যাত্রার কষ্ট কখনও কষ্ট বলে পরবর্তীতে আর মনে থাকে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ অদ্বৈত্য আচার্য্যরে কৃপায় সর্বদা পনাতীর্থ বারুনী স্নানে প্রবহমান। যার উদাহরণ প্রতি মুহূর্তে পাওয়া যায়। অনেক পক্ষাঘাতগ্রস্থ চলাফেরায় অক্ষম লোক পনাতীর্থ বারুনী স্নান করে আসছেন। ৮০/৯০ বৎসরের বৃদ্ধ মহিলা পুরুষ পনাতীর্থে হেঁটে তীর্থ করে আসছেন। তাই অদ্বৈত্য প্রভুর আবাহনে প্রবহমান গঙ্গাদেবী যাদুকাটা নদীতে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হন জাগ্রত থাকেন। এটাই সত্যি। এর মাহাত্ম কোনদিন বিলুপ্ত হবে না।    
লেখক: আইনজীবী ও সহকারী সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর।      

  • [১]