- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘পরিত্যক্ত’ অবস্থায় ২২ বস্তা জিরা ও কিসমিস জব্দ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সীমান্তবর্তী জাহাঙ্গীরনগর ইউনিয়নের চৌমুহনীবাজার এলাকা থেকে বুধবার রাতে ২২বস্তা ভারতীয় জিরা ও কিসমিস জব্দ করেছে পুলিশ। পুলিশের দাবি, এসব জিরা ও কিসমিস তাঁরা পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
ঐ এলাকায় ভারত-বাংলাদেশের সীমান্ত হাট অবস্থিত। চৌমুহনী বাজার থেকে হাটের দূরত্ব এক কিলোমিটারের মতো।
পুলিশ জানায়, সদর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য বুধবার রাতে ঐ এলাকা থেকে এসব ভারতীয় জিরা ও কিসমিস জব্দ করেন। পুলিশ এ সময় কাউকে আটক
করতে পারেনি। পরে স্থানীয় কিছু লোককে ডেকে বিষয়টি জানিয়ে এসব মালামাল নিয়ে আসেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১ টার দিকে পুলিশ এলাকার কয়েকজনকে চৌমুহনী বাজারে ডেকে এনে জানায়, তাঁরা বাজারের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব জিরা ও কিসমিস পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বৃহস্পতিবার সারাদিনই বাজারে লোকজন বলাবলি করেছে, এসব জিরা ও কিসমিস বাজারের একটি কাঠের আসবাবের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এলাকার সাবেক ইউপি সদস্য ফেনিবিল গ্রামের বাসিন্দা শফিকুর রহমান ওরফে মধু বলেন,‘পুলিশ রাতে আমাদের ডেকে বস্তা দেখিয়ে  বলেছে এগুলে তাঁরা পেয়েছে। কোথায় পেয়েছে আমরা জানি না। আমাদের সাক্ষী রেখে পরে এসব নিয়ে গেছে।’
এ ব্যাপারে এসআই মমিনুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব জানেন বলে জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, চৌহমুনী বাজারের পাশের কোনো এক স্থান থেকেই প্রায় ৩ লাখ টাকা মূল্যের ২২বস্তা জিরা ও কিসমিস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। সেগুলো থানায় আছে।

  • [১]