ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ চলমান বিআরটিসি বাস চলাচলে সংকট ও পরিবহন খাতে বিভিন্ন অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার বিকালে সনাক সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মাসিক সনাক সভায় সনাক সদস্যরা এই উদ্বেগ প্রকাশ করেন।
সনাক সদস্যরা বলেন, বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বিআরটিসি বাস চালু থাকলে বাস সেবার প্রতিযোগিতা নিশ্চিত হবে, পরিবহন সেবার মান উন্নত হবে এবং যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে। তাই বিআরটিসি বাস সার্ভিস চালু রাখা জরুরি। সিলেট-সুনামগঞ্জ রুটের পরিবহন সেবার মান অত্যন্ত নি¤œমানের হওয়ার কারণে গত কয়েক বছর ধরে সিলেট ও সুনামগঞ্জে লাগাতার আন্দোলন হয়, যা এখনও চলমান এবং গভীর উদ্বেগের। চলমান সংকট দ্রুত নিষ্পত্তি করে যাত্রীদের কাঙ্খিত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।
টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাক সহ সভাপতি অ্যাড. খলিল রহমান ও রুনা শাহীন আরা লেইস, সনাক সদস্য শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সমাজকর্মী নুরুর রব চৌধুরী, রামেন্দ্র কুমার দে, নির্মল ভট্টাচার্য, মোহাম্মদ গোলাম কিবরিয়া, অ্যাড. হেলেনা আখতার, অ্যাড. নাজনীন বেগম, এনামুল হক চৌধুরী, রাজু আহমদ ও আশরাফুজ্জামান বাবলু।
সংবাদ বিজ্ঞপ্তি