স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সকাল ১০ টায় ছিল বি.এ দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সুনামগঞ্জ সরকারি কলেজের দিকে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু গ্রামের প্রতিপক্ষের হামলার কারণে পরীক্ষার হলের পরিবর্তে তাকে যেতে হলো হাসপাতালের বিছানায়।
গুরুতর আহত শিক্ষার্থীর নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম সদর উপজেলার লালপুর গ্রামের জাহিদুল হকের ছেলে। সুনামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নিজ গ্রামের প্রতিপক্ষের লোকজন নজরুল ইসলামকে আব্দুজ জহুর সেতুর পশ্চিম দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
করে। নজরুল ইসলাম বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত হওয়ায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তার ডান হাত, মাথাসহ শরীরের নানা স্থানে জখম রয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টায় শহরের আব্দুজ জহুর সেতুতে হামলার ঘটনাটি ঘটে। নজরুল মোটরসাইকেল যোগে আব্দুজ জহুর সেতুর উপর পৌঁছলে একই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আখতারুজ্জামান আক্তার ও জিলু মিয়ার লোকজন তাকে বেদম মারধর করে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত নজরুলকে উদ্ধার করে তাৎক্ষণিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় বুধবার দুপুরে গ্রামের আখতারুজ্জামান আক্তার, জিলু মিয়া, রানা মিয়া, এমরান হোসেন, শামীম মিয়া ও আব্দুল হেকিমের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন আহত নজরুল ইসলাম।
এ ব্যাপারে অভিযুক্ত আখতারুজ্জামান আক্তার বলেন, সুরমা ব্রিজের উপর নজরুল এবং আমার ছেলে ইমরানের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়েছে। এতে নজরুল আহত হয়েছে।
সুনামগঞ্জ সদর থানা ওসি মো. শহীদুল্লাহ বলেন,‘ সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’