টিপু সুলতান, দিরাই
বিবিয়ানা ডিগ্রী কলেজ’র এইচ এসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ টি কক্ষে এইচ এসসি পরীক্ষার দ্বিতীয় দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানিয়েছে, প্রশ্নপত্র সহজ হয়েছে। ওই বিষয়ে এ-প্লাস থাকবে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে দেড় টা পর্যন্ত দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারের পাশে ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে সরেজমিন দু’ঘন্টা পরিদর্শন করা হয়। স্কুলের প্রবেশদ্বারে যেতেই দেখা গেল চেয়ারে বসে ডিউটি করছেন, পুলিশের এক সদস্য। পরিচয় পর্ব সেরে ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটি কক্ষে পরীক্ষা দিচ্ছে, ৩০/৩৫ জন ছাত্র। সবাই উত্তরপত্রে মনযোগসহকারে লিখছে। কোনো টু শব্দ নেই।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস জানালেন, পৃথক ৯টি কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহন করে ৩০৯ পরীক্ষার্থী।
পরিদর্শকের দায়িত্ব পালন করছেনন, ১৮ জন শিক্ষক। এর মধ্যে রয়েছেন, শাল্লা ডিগ্রী কলেজের ৬ প্রভাষকসহ ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিধ্যালয়ের ১০ জন ও হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষক। ভেন্যুতে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অসীম সরকার বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চলছে। কক্ষ পরিদর্শকরা দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা।
বেলা ১ টা বাজার সাথে সাথে হল পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা দিয়ে বাইরে এসে মানবিক বিভাগের পরীক্ষার্থী লিপি রাণী বৈষ্ণব, বীণা রাণী অধিকারী ও মমতা রাণী বৈষ্ণব জানায়, প্রশ্নপত্র সহজ হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রে এ-প্লাস থাকবে।
প্রসঙ্গত ফলাফলের দিক থেকে এইচ এস সি পরীক্ষায় একাধারে দু’বার সিলেট শিক্ষা বোর্ডে শীর্ষ তালিকায় ১৮তম স্থানে থাকা মফস্বলের এ কলেজটি গত বছর বড় ধরনের হোছট খায়। এতে পরীক্ষার্থীর অভিভাবকসহ কলেজের সাথে সংশ্লিষ্টরা কষ্ট পান।