এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর সীমান্তবর্তী বারেকটিলা, নিলাদ্রীলেক, লালঘাট পাহাড়ী ছড়া ও দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি টাঙ্গুয়ার হাওর এলাকায় ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত। ঈদের ছুটি উপভোগ করতে ঈদের দিন বিকাল থেকে শতাধিক নৌকায় মাইক, ঢোল বাজিয়ে বিভিন্ন রঙে সজ্জিত হয়ে এবং গান-বাজনা করেছেন তারা। ঈদের দিন বিকাল থেকে আকর্ষণীয় স্পটগুলোতে কোথাও তিল ধারনের ঠাই নেই, সব জায়গাতেই এখন লোকে লোকারণ্য। ঈদের দিন বিকাল থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকান্দা, ছাতক, জামালগঞ্জ, মধ্যনগর, সুনামঞ্জসহ বিভিন্ন জেলা, উপজেলা থেকে শ’ শ’ পর্যটকরা এসেছেন।
নরসিংদী জেলার শেখেরচড় বাবুর হাট থেকে একদল তরুণ এসেছেন প্রাকৃতিক এ উপজেলার সৌন্দর্য উপভোগ করতে। কথা হয় ক্বারী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল এর শিক্ষক নাহিদুল ইসলাম মুরাদের সঙ্গে। তিনি জানান, ‘বারেকটিলা, নিলাদ্রীলেক, লালঘাট পাহাড়ী ছড়া, দেশের সব ছেয়ে বড় শিমুল বাগান ও টাঙ্গুয়া হাওরের আকর্ষণীয় স্পটগুলো যে কত সুন্দর, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো না।” তিনি বলেন, ‘যদি এই স্পটগুলো পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় তাহলে আরও পর্যটকদের সমগম ঘটবে।
সিলেট ল. কলেজের ছাত্র ঝুটন পাল জানান,
সংবাদপত্র পড়ে যা জেনেছি, তার চেয়েও বারেকটিল, নিলাদ্রীলেক, লালঘাট পাহাড়ী ছড়া ও টাঙ্গুয়া হাওরের অপরূপ দৃশ্যগুলো আরও সুন্দর।
বারেকটিলার নিচে পাহাড়ী নদী যাদুকাটর স্বচ্ছ পানি আর নূড়ি পাথর ও বালির খেলা দেখে মুগ্ধ দর্শানার্থীরা। নেত্রকোনা থেকে নৌকা ভ্রমণে আসা কলেজ পড়–য়া রুপালী, শ্যামা, রোমা, ওহি জানান, যাদুকাটা ও নিলাদ্রী লেকে গোসল করে মনে হচ্ছে শরীরটা ভাল লাগছে। কারণ হিসেবে তারা জানায়, যাদুকাটা নদীর পানি খুব পরিষ্কার, পানির দিকে তাকালে নিজের মুখ আয়নার মত ভেসে উঠে, নদী থেকে মেঘালয় পাহাড়ের দৃশ্য দেখে মনে শান্তি পেয়েছি।
বারেকটিলাতে ঘুরতে আসা বরিশালের রানী নামের এক কলেজ শিক্ষিকা বলেন, বারেক টিলা দেখে খুব ভাল লেগেছে, মনে হচ্ছে হিমালয়ে আরোহন করেছি। বারেকটিলার উপর থেকে নিচের দিকে তাকালে নদ-নদী গাছ-পালা বাড়ী-ঘরগুলো ছোট ছোট দেখা যায়।
দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়া হাওরের বুক জুড়ে রয়েছে সুবিশাল চির সবুজের বেষ্টনী। সারি সারি হিজল, করচ, নলখাগড়ার বিপুল সমাহার। এই সুবিশাল সবুজ বেষ্টনীর রূপ দেখে মুখরিত হচ্ছেন এখানে আসা দর্শানার্থীরা।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, ঈদ ছাড়াও এখানে প্রতিদিন হাজারো পর্যটকদের আগমন লক্ষণীয়। অবকাঠামোগত উন্নয়ন করে পর্যটন এরিয়া বাস্তবায়ন হলে সরকার এসব স্পট থেকে কোটি টাকা রাজস্ব পাবে।