স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নৌকা চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার কারণে নৌযান চালকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গত ১৬ জুন ভয়াবহ বন্যার কারণে তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে টাঙ্গুয়ার হাওরে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। সম্প্রতি বন্যার পানি কমে যাওয়ায় ১লা জুলাই থেকে স্বাভাবিকভাবে একস্থান থেকে অন্যস্থানে স্থলপথে এলাকার লোকজন চলাচল করছেন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ পিপাসুদের নিয়ে টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্থানগুলোতে নৌযান চালকরা পর্যটকদের নিয়ে যেতে পারছেন না। এতে করে তারা পরিবার পরিজন নিয়ে রয়েছেন আর্থিক সংকটে।
তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক পর্যটকবাহী ২ শতাধিক নৌকা রয়েছে। এ সকল নৌকায় সুকানি, চালক, হেল্পার, বাবুর্চি সব মিলিয়ে প্রায় ৮ শতাধিক নৌযান শ্রমিক রয়েছে। তারা সবাই বর্তমান সময়ে কর্মহীন হয়ে রয়েছে।
জলতরঙ্গ নৌকার মাঝি জানু মিয়া বলেন, আগে বন্যার জন্য আমরা কষ্ট করছি ১৫ /১৬ দিন। আর এখন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে কষ্ট করছি। তিনি আরও বলেন, এ পর্যন্ত সব মিলিয়ে এক মাস ৯দিন ধরে তারা কর্মহীন রয়েছেন। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে আমরা নৌকায় পর্যটনের পেশা ছেড়ে বিকল্প পেশা বেছে নিতে হবে।
পর্যটকবাহী নৌকার মাঝি হেলাল মিয়া বলেন, টাঙ্গুয়ার হাওরে যত সব নিষেধাজ্ঞা আমাদের জন্য। কারণ আমরা থাকি উপজেলা সদরে। আশপাশের উপজেলা থেকে পর্যটকবাহী নৌকা নিয়ে ঠিকই টাঙ্গুয়ার হাওরে আসা যাওয়া করছে তাদের কোন সমস্যা নেই।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা চলাচলের জন্য রেজিস্ট্রেশনের কাজ চলছে। রেজিস্ট্রেশনের অনেক আবেদন পড়েছে। প্রতিটি নৌকাতে ডাস্টবিন ও নির্দেশনা বোর্ড স্থাপনের জন্য বলা হয়েছে। এগুলোর কাজ সম্পন্ন হলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।