- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পল্লী বিদ্যুতের তার কেড়ে নিল ৪ প্রাণ-শোকার্তদের কান্নায় ভারী রামদিঘা

এনামুল হক এ্যানি, (রামদিঘা) মধ্যনগর থেকে ফিরে
ধর্মপাশা উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাহ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টায় বারান্দার কাছে উঠোনে বসে চা-মুড়ি খাচ্ছিলেন রঞ্জিত সরকার (৪৫)। একই সময় মুড়ি হাতে নিয়ে তার স্ত্রী রীতা সরকারও (৩৫) রঞ্জিতের কাছে আসছিলেন। এসময় নেত্রকোনার বারহাট্টা থেকে ধর্মপাশা-মধ্যনগর হয়ে রামদিঘা গ্রামে যাওয়া পল্লী বিদ্যুতের ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন ছিড়ে রঞ্জিত সরকার  ও তার স্ত্রী রীতা সরকারের উপরে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এসময় রঞ্জিত সরকারকে উদ্ধার করতে পাশেই দাঁড়ানো রঞ্জিতের বাবা জগদীশ সরকার (৭০) এগিয়ে ছেলেকে ধরতেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এই তিন জনের ছটফটানি দেখে পাশেই থাকা প্রতিবেশি রাকেশ দাস’র মেয়ে সোনালী দাস (১০) এগিয়ে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই এই ৪ জনের মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নিহতদের মৃতদেহ বিদ্যুতের তারে একেবারে পেঁচিয়ে গিয়েছিল। ৪ জনের মৃত্যুই ছিল মর্মস্পর্শি।
স্থানীয় সমাজকর্মী মিন্টু তালুকদার ও চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বলেছেন, ‘এই বিদ্যুৎ লাইন উদ্বোধন করার পর এক মাসও হয়নি। এখনোই এটি ছিড়ে পড়ায় মনে হচ্ছে, কাজে অনিয়ম বা ত্রুটি হয়ে থাকতে পারে’।
পল্লী বিদ্যুতের নেত্রকোনা অঞ্চলের জিএম মুজিবুর রহমান বলেন, ‘অনিয়মের অভিযোগ সঠিক নয়। এ ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ২ দিনের তদন্ত প্রতিবেদন দেবার নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে’।

  • [১]