জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে জামলাবাজ গ্রামে দুর্বৃত্তদের হামলায় ১৪টি গবাদী পশু জখম হয়েছে। এই বর্বরতার ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকাল ১০ জামলাবাজ গ্রামের কৃষকরা তাদের গবাদী পশু পাকনার হাওরের বাইমদার বিলের কান্দায় চড়ানোর জন্য ছেড়ে আসে। গ্রামবাসীর অভিযোগ রামপুর গ্রামের আলী আমজদ ও তার লোকজন কুপিয়ে গবাদী পশু গুলোকে কুপিয়ে জখম করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, জামলাবাজ গ্রামের শহীদ মিয়ার ১টি, আপন মিয়ার ১টি, বাদশা মিয়ার ৩টি, সাদেক আলীর ৩টি,সাহেব আলীর ১টি, ইদ্রিস আলীর ১টি, ইমরান মিয়ার ২টি, জামাল মিয়ার ১টি, বাবুল মিয়ার ১টি গবাদী পশুকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত গবাদীপশু গুলোকে স্থানীয় পল্লী চিকিৎসকের হাতে চিকিৎসা প্রদান করা হয়েছে।
গবাদী পশুর মালিকদের পক্ষে জামলাবাজ গ্রামের সাহেব আলী জানান, রামপুর গ্রামের আলী আমজদ ও তার লোকজন ইচ্ছে করেই আমাদের গবাদী পশুকে জখম করেছে। অভিযুক্ত রামপুর গ্রামের আলী আমজাদের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গবাদী পশুর সাথে এমন আচরণ অমানবিক। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।